ঢাবিতে ফের ককটেল বিস্ফোরণ

459

ঢাকা সংবাদদাতা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়েছে এমন খবর পাওয়া যায়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডঃ একেএম গোলাম রব্বানী বলেন, আমরা ঘটনার বিষয়ে অবহিত রয়েছি। মধুর ক্যান্টিন এলাকায় একটি ককটেল বিস্ফোরণ হয়েছে। তবে এতে কেউ আহত হয়নি।

আগেও চার-পাঁচ দফা মধুর ক্যান্টিনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেই ঘটনায় এখনো কাউকে চিহ্নিত করে করা গেছে কিনা জানতে চাইলে প্রক্টর বলেন, এখনো কাউকে নির্দিষ্ট করা যায়নি তবে এ বিষয়ে কাজ চলছে। আমরা পুলিশকে অবহিত করেছি। এ বিষয়ে গোয়েন্দারা কাজ করছে। যারাই ক্যাম্পাসের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করুক না কেন তারা শিগগিরি ধরা পড়বে।

প্রসঙ্গত এর আগে গত ডিসেম্বরে কয়েক দফায় ককটেল হামলার ঘটনা ঘটে। ছাত্রলীগের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা মধুর ক্যান্টিনে এই হামলা চালিয়েছে। তবে ছাত্রদল এই অভিযোগ বরাবরের মতই অস্বীকার করে আসছে।