ঢাকা সিটি নির্বাচন নিয়ে বৃটেনের ভ্রমণ সতর্কতা

401

ঢাকা সংবাদদাতা: ঢাকায় দুই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বৃটিশ নাগরিকদের জন্য সতর্কতা দিয়েছে বৃটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। ৩০ শে জানুয়ারি ইস্যু করা ওই সতর্কবার্তায় বলা হয়, ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন হতে যাচ্ছে ১লা ফেব্রুয়ারি। এ সময়ে ঢাকায় সফর করলে নাগকিরদের সজাগ থাকার পরামর্শ দেয়া হয়েছে। তাছাড়া বাড়তি নিরাপত্তামুলক পদক্ষেপের কারণে ঘুরতে বের হলে বা কোনো কাজে বের হলে অতিরিক্ত সময় হাতে রাখতে পরামর্শ দেয়া হয়েছে। এতে আরো বলা হয়েছে, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ হয়েছে। তাই এসব এলাকায় গেলে নাগরিকদের সজাগ থাকতে এবং পরিস্থিতির আপডেট সম্পর্কে সচেতন থাকতে বলা হয়েছে। ওই সতর্কবার্তা বাংলাদেশে সন্ত্রাসী হামলার বিষয়ও তুলে ধরা হয়। বলা হয়, বাংলাদেশে সন্ত্রাসীদের হামলা চালানোর বড় আশঙ্কা আছে।

এই হুমকি সারাদেশের জন্য প্রযোজ্য। ২০১৯ সালে পুলিশ ও নিরাপত্তা রক্ষাকারী বাহিনীকে টার্গেট করে বেশ কিছু বিস্ফোরক হামলা হয়েছে। ভবিষ্যতে ধর্মীয় সমাবেশ, রাজনৈতিক র‌্যালি, জনবহুল এলাকা, পুলিশ অথবা নিরাপত্তা রক্ষাকারীদের উপস্থিতি আছে এমন এলাকা, বিদেশীরা সমবেত হন এমন এলাকা সহ জনসমাবেশকে টার্গেট করার ঝুঁকি রয়েছে। এসব এলাকায় বৃটিশ নাগরিকদের উপস্থিতি কমিয়ে আনতে পরামর্শ দেয়া হয়েছে।