টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

708

খেলাধুলা ডেস্ক: বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেছে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রথম ম্যাচটি। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে টাইগাররা। শুরুতেই টস হেরে ব্যাটিংয়ে নামতে হয়েছে বাংলাদেশকে।

নিষেধাজ্ঞার কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারেননি মাশরাফি বিন মুর্তজা। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে আবার মাঠে ফিরেছেন বাংলাদেশের নিয়মিত অধিনায়ক। ফলে আজ তাঁর নেতৃত্বেই কিউইদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের প্রায় পুরো দলটি নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। দলে পরিবর্তন আছে শুধু একটি। অধিনায়ক মাশরাফি দলে ফেরায় বাদ পড়েছেন তাসকিন আহমেদ।

আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামতে হয়েছিল বাংলাদেশকে। ব্যাট হাতে শুরুটা ভালো না হলেও তামিম ইকবাল ও মাহমুদউল্লাহর লড়াকু ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়েছিল লাল-সবুজের দল। ৩১ ওভারে সংগ্রহ করেছিল ১৫১ রান। কিন্তু এরপরই বৃষ্টির বাধায় ভেস্তে গিয়েছিল ম্যাচটি। ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ৫১ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। আর আজ তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও বাংলাদেশ।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল : সৌম্য সরকার, তামিম ইকবাল, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।