‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিতে হবে’

806

সিলেট সংবাদদাতা: সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা আসনের সংসদ সদস্য ড.জয়া সেনগুপ্তা বলেছেন, ‘আওয়ামী লীগ কৃষক ও কৃষিবান্ধব সরকার । প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার কৃষকের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিতে হবে।’

সোমবার (৩১ জুলাই) বিকালে দিরাই উপজেলার রফিনগর ইউপির ৪টি গ্রামে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে পল্লী বিদ্যুতায়নের উদ্বোধন উপলক্ষে বাংলাবাজারে এক জনসভায় তিনি এসব কথা বলেন।

ড.জয়া সেনগুপ্তা বলেন, ‘আমাদের সরকার এ বছরের অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সব ধরনের সহযোগিতা দিচ্ছে। কোনও কৃষক পরিবার না খেয়ে থাকবে না। সরকার হাওরপারের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ ভিজিএফ চালু করেছে। প্রতিটি ইউনিয়নে ডিলারের মাধ্যমে ওএমএস-এর চাল বিক্রি করছে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী বোরো ফসল লাগানো মৌসুমে কৃষকদের বিনামূল্যে সার, বীজ ও কীটনাশক দেওয়া হবে। নতুন ফসল ঘরে ওঠা পর্যন্ত ভিজিএফ কর্মসূচি চালু রাখতে ইতোমধ্যে সরকারের সংশিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্বপ্ন ছিল দিরাই-শাল্লার প্রতিটি গ্রামে বিদ্যুতের ব্যবস্থা করা। তাই ২০১৭ সালের মধ্যে রফিনগর ইউনিয়নের প্রতিটি গ্রাম বিদ্যুতের আওতায় আসবে। রামজীবন পুর থেকে নোয়াগাঁও বাজারে রাস্তা পাকা হবে। মেঘনা থেকে খৈয়ারচি পর্যন্ত রাস্তা পাকাকরণ হবে। মেঘনা নদীর ওপর সেতু নির্মান প্রক্রিয়াধীন আছে। পাথারিয়া থেকে মধুরাপুর বাজার পর্যন্ত আবুরা পাকা রাস্তা হবে।’

ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান রেজুয়ান হোসেন খানের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ ,সহ-সভাপতি জগদীশ সামন্ত, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার , উপজেলা যুবলীগের আহ্বায়ক রঞ্জন কুমার রায়। আরও বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জাহেদ মিয়া, সহ-সভাপতি মহসিন রেজাসহ আরও অনেকে।