আগস্ট মাসে ‘আনন্দ’ করায় শাবি শিক্ষকের পদাবনতি ও জরিমানা

1200

সিলেট সংবাদদাতা: বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সূত্রে জানা যায়, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মঞ্জুরুল হায়দার সুমন তার ফেসবুকে একটি স্ট্যাটাসে লেখেন- ‘দিন গুনছি… আসছে আমার আনন্দের আগস্ট।’ এ নিয়ে ১৭ জুলাই সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে ঢুকে এ শিক্ষকের রুমের জানালা ও নেমপ্লেট ভাঙচুর করে ছাত্রলীগ কর্মীরা। পরে তিনি স্ট্যাটাসটি ডিলিট করে দেন ওই শিক্ষক।

ফেসবুকে আগস্ট মাস নিয়ে এভাবে ‘কটূক্তি’ করে স্ট্যাটাস দেওয়ার এ অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মঞ্জুরুল হায়দার সুমনকে প্রভাষক পদে পদাবনতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) শাবি রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন সংবাদ মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেন।

রেজিস্ট্রার আরও বলেন, ‘অভিযুক্ত শিক্ষককে ছয় মাসের জন্য বাধ্যতামূলক ছুটি এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা আগামী ছয় মাসের মধ্যে পরিশোধ করতে হবে।’

স্ট্যাটাসের বিষয়ে শিক্ষক মঞ্জুরুল হায়দার সুমন বলেন, ‘আগস্ট মাসে আমার ও আমার স্ত্রীর জন্মদিন আবার পিএইচডি থিসিস সমাপ্ত ও বার্ড জার্নালে একটা আর্টিকেল প্রকাশের কথা রয়েছে। সেই আনন্দে আমি আমার ফেসবুক ওয়ালে ব্যক্তিগত অনুভূতি থেকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম। কাউকে আঘাত করার জন্য আমি এ স্টাটাস দেইনি’

শাবি সিন্ডিকেটের সদস্য অধ্যাপক ড. মো. কবির হোসেন জানান, বুধবার (২৬ জুলাই) বিকালে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় অভিযুক্ত শিক্ষককে বাধ্যতামূলক ছয় মাসের ছুটি ও পদাবনতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে মঞ্জুরুল হায়দার সুমন বলেন, ‘আগস্ট মাসে আমার ব্যক্তিগত কয়েকটি ইভেন্ট থাকায় আমি ফেসবুকে স্ট্যাটাস দেই। আর সেই স্ট্যাটাস নিয়ে বিতর্কের সৃষ্টি হলে আমি তা ডিলিট করে দেই। আমি আগস্ট মাসকে নিয়ে কোনও কটূক্তি করিনি।’ এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে আপিল করবেন বলে জানান তিনি।