ট্রাম্পের ডাক পড়ল অভিশংসন শুনানিতে

382

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার ইমপিচমেন্টের ব্যাপারে প্রথম শুনানির জন্য কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের বিচার মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিতে আমন্ত্রণ জানানো হয়েছে।

আগামী ৪ ডিসেম্বর ওই শুনানি হবে এবং এতে ট্রাম্পের আইনজীবীকেও উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। খবর বিবিসির।

কমিটির সভাপতি জেরি নাডলার মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্পকে পাঠানো এক চিঠিতে ওই শুনানিতে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান।

ট্রাম্পের বিরুদ্ধে যে তদন্ত চলছে, তার তৃতীয় পর্যায়ে এ শুনানির ব্যবস্থা করা হয়েছে। মার্কিন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলে হান্টারের বিরুদ্ধে অন্যায়ভাবে অভিযোগ আরোপ করার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনোস্কির ওপর ডোনাল্ড ট্রাম্প চাপ সৃষ্টি করেন।

ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনোস্কিকে হুমকি দিয়ে বলেন, তিনি যতক্ষণ পর্যন্ত বাইডেন ও তার ছেলের আর্থিক দুর্নীতির বিষয়ে তদন্ত না করবেন, ততক্ষণ পর্যন্ত ইউক্রেনের জন্য মার্কিন সামরিক সহায়তা স্থগিত রাখা হবে।

ইউক্রেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতসহ অনেক রাজনীতিবিদ ও কূটনীতিক বিষয়টি স্বীকার করেছেন। এ নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত চলছে এবং এর প্রক্রিয়ায় ৪ ডিসেম্বর শুনানি হতে যাচ্ছে।

সংবিধানের ভিত্তিতে আলোচনাকে ঐতিহাসিক সুযোগ বলে মন্তব্য করেন নাডলার। তিনি বলেন, ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ নিয়ে যেসব তথ্য জোগাড় করা হয়েছে তা সাংবিধানিক কাঠামোর ভেতর দিয়ে হাউস কমিটি পর্যালোচনা করতে পারবে।