উইঘুর মুসলমানদের নিয়ে মার্কিন কিশোরীর টিকটক ভিডিও ভাইরাল

343

আন্তর্জাতিক ডেস্ক: জিনজিয়াংয়ের অন্তরীণ ক্যাম্পে কয়েক লাখ ইউঘুর মুসলমানকে আটকে রাখার ঘটনায় সচেতনতা বাড়াতে এক মার্কিন কিশোরীর মেকআপ টিউটোরিয়াল সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।

তবে তার অভিযোগ, টিকটক প্ল্যাটফর্মে তার ভিডিওতে সেনসর আরোপ করা হয়েছে।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের খবরে এমন তথ্য জানা গেছে। সংক্ষিপ্তভিডিও শেয়ারের চীনের আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ইতিমধ্যে তার তিনটি ভিডিও ভাইরাল হয়েছে।

ফিরোজা বেগম নামের সতেরো বছর বয়সী ওই কিশোরী দর্শকদের দেখালেন কীভাবে তিনি আইল্যাশ কার্লার ব্যবহার করছেন।

তিনি বলেন, এরপর চীনে কী ঘটছে, কীভাবে তাদের নির্জন কারাবাসে নেয়া হচ্ছে, কারাগারের ভেতর তাদের ছুড়ে মারা হচ্ছে, কীভাবে তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করে রাখা হচ্ছে, তাদের অপহরণ করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, শূকরের মাংস খেতে বাধ্য করা হচ্ছে, মাদক পানে বাধ্য করা হচ্ছে, জোর করে ধর্মান্তরিত করা হচ্ছে, তা খুঁজে বের করতে আইল্যাশ কার্লারটি নিচে রাখবেন এবং ফোনটি ব্যবহার করবেন।

ফিরোজা বলেন, এটি আরেকটি হলোকাস্ট। এখনো কেউ এ নিয়ে কথা বলছেন না। দয়া করে সবাই সতর্ক হোন। জিনজিয়াং নিয়ে সতর্কতা ছড়িয়ে দেন।

টিকটকে এই পোস্ট ১৪ লাখের বেশি শেয়ার হয়ে গেছে। টুইটার অ্যাকাউন্টে একজন আফগান-আমেরিকান হিসেবে নিজের পরিচয় দিয়েছেন এই কিশোরী। তার প্রফাইল বিবরণে লেখা রয়েছে, কেবল একজন মুসলমান, যিনি আঘাত পেতে চান।