উত্তরখানে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন

331

ঢাকা সংবাদদাতা: রাজধানীর উত্তরখানের বালুরমাঠ এলাকায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে রিয়াদ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। একই ঘটনায় নিহত কিশোরের দুই ভাই শামীম (২৭) ও রিজন (১৮) আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন উত্তরখান থানার ওসি হেলাল উদ্দিন। তিনি মঙ্গলবার দুপুরে টেলিফোনে বলেন, চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে মারাত্মক জখম হয় রিয়াদ। আজ সকালে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধের জেরে উত্তরখানের বালুরমাঠ এলাকায় সোমবার রাত ১১টার দিকে চাচাতো ভাই স্বপনসহ কয়েকজন মিলে রিয়াদ ও তার দুই ভাইকে ছুরিকাঘাত করে।

আহতাবস্থায় শামীম, রিজন ও রিয়াদকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন মঙ্গলবার সকালে রিয়াদ মারা যায়। এ ঘটনায় আসামি স্বপনও আহত হয়েছেন বলে জানা গেছে। স্বপনের বাবার নাম জজ মিয়া।

নিহত রিয়াদের বাবার নাম রাজা মিয়া। তারা উত্তরখান বালুরমাঠের সরকারবাড়ি এলাকায় থাকতেন। হত্যাকাণ্ডের বিষয়ে জানার চেষ্টা চলছে। আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।