ঢাকা সংবাদদাতা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ভাঙচুর ও শিক্ষক লাঞ্ছনায় জড়িতদের শাস্তির দাবিতে ক্যাম্পাসে মৌন মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ ঘরানার শিক্ষকরা।এদিকে মিছিলের ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নিচে দেওয়ায় সমালোচনার সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা বলছেন, এর মাধ্যমে জাতির পিতাকে অবমাননা করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে সমাজবিজ্ঞান অনুষদ চত্ত্বর থেকে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’র ব্যানারে মিছিলটি বের হয়। এতে বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশত শিক্ষক অংশগ্রহণ করেন। মিছিলটি শহীদ মিনার, প্রশাসনিক ভবনসহ বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে নতুন কলা ও মানবিকী অনুষদ ভবনের সামনে গিয়ে শেষ হয়।
দেখা গেছে, মিছিলের ব্যবহৃত ব্যানারের ডান দিকে নিচের অংশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও জাতীয় স্মৃতিসৌধের ছবিকে ছোট আকারে প্রায় সংযুক্ত করে স্থান দেওয়া হয়েছে। বাম দিকের নিচের অংশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোগো ব্যবহার করা হয়েছে। মিছিলে ব্যানারের কোণা ধরে যখন সামনের সারিতে থাকা এক শিক্ষক হাঁটছিলেন তখন তার পায়ে লেগে বঙ্গবন্ধুর ছবির অংশটি বারবার উঁচু হয়ে যাচ্ছিল।
এ রকম একটি ছবি ফেসবুকে পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রলীগ নেতা-কর্মীরা।
তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আওয়ামী লীগপন্থী শিক্ষকদের মৌন মিছিলের ব্যানারে ফরম্যাটজনিত কারণে বঙ্গবন্ধুর ছবি নিচের দিকে প্রিন্ট হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আমির হোসেন।
সোমবার (১৭ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ এর এই নেতা দুঃখ প্রকাশ করেন।
উপাচার্যের বাসভবন ভাঙচুর ও শিক্ষক লাঞ্ছনায় জড়িতদের শাস্তির দাবিতে সোমবার বেলা সাড়ে ১২টায় সমাজবিজ্ঞান অনুষদ চত্বর থেকে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’র ব্যানারে একটি মৌন মিছিল বের করেন শিক্ষকরা। এতে বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশত শিক্ষক অংশগ্রহণ করেন।
অধ্যাপক আমির তার স্ট্যাটাসে বলেন,‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ আজ (সোমবার) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি মৌন মিছিল করে। এই মিছিলে যে ব্যানার ব্যবহার করা হয় তাতে ফরমেটজনিত ত্রুটির কারণে বঙ্গবন্ধুর ছবি ব্যানারের নিচের দিকে মুদ্রিত হয়। এই কারণে বঙ্গবন্ধুর অনুসারীদের কেউ কেউ আহত হতে পারেন। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখিত।’
মিছিলের ব্যবহৃত ব্যানারের ডান দিকে নিচের অংশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও জাতীয় স্মৃতিসৌধের ছবি ছোট ও সংযুক্ত আকারে ছিল। এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ক্ষোভ প্রকাশ করেন ছাত্রলীগ নেতা-কর্মীরা।















