জীবনে অনেক ভালোবাসা পেয়েছি, আমি ধন্য : এরশাদ

449

ঢাকা সংবাদদাতা: সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জীবনে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। সবার ভালোবাসায় সিক্ত হয়ে আমি ধন্য।

আজ বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন সাবেক রাষ্ট্রপতি এরশাদ।

এরশাদ বলেন, ‘আজকের এই শুভ দিনে শুভেচ্ছা জানাচ্ছি। এমনি দিন আবার ফিরে আসুক বারবার, আল্লাহর কাছে এই প্রার্থনা করি। জাতীয় পার্টি আস্তে আস্তে আরো শক্তিশালী হচ্ছে। সেটা দেখে আমার খুব খুশি লাগে। অনেক দিন অফিসে আসি না। এটা বোধহয় সেকেন্ড টাইম আসলাম। অফিসে এসে আরো ভালো লাগল যে এত মানুষ আমার দলে আছে, এত মানুষ আমার দলে।’

ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আগামীর বাংলাদেশ আরো উন্নত ও সমৃদ্ধ হবে।

এ সময় জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদেরও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, আমরা একটি সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশের স্বপ্ন দেখছি। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শে আমরা স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তুলব।

শুভেচ্ছা বিনিময়কালে কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, গোলাম কিবরিয়া টিপু, ফখরুল ইমাম, অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম, আবদুস সাত্তার মিয়া, আলমগীর সিকদার লোটন, উপদেষ্টা ড. নুরুল আজহার, ভাইস চেয়ারম্যান হাজি আবু বক্কর, নুরুল ইসলাম নুরু, মোস্তাকুর রহমান মোস্তাক, জহিরুল আলম রুবেল, যুগ্ম মহাসচিব শফিউল্লাহ শফি, মনিরুল ইসলাম মিলন, সুলতান আহমেদ সেলিম, সাংগঠনিক সম্পাদক শামসুল হক, ফখরুল আহসান শাহজাদা, মো. হেলাল উদ্দিন, এ টি ইউ আহাদ চৌধুরী শাহীন প্রমুখ।