আন্তর্জাতিক ডেস্ক: ভারতের লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন নরেন্দ্র মোদির দল বিজেপি। এতে দারুণ খুশি মোদির সহধর্মিনী যশোদাবেন মোদি।
বৃহস্পতিবার ভোট গণনার দিন গোটা দেশের মানুষ যখন টিভির সামনে, যশোদাবেন মোদি তখন অম্বাজি মাতার মন্দিরে। স্বামী ও তার দলের বিজয়ের জন্য পুজো দিয়েছেন, প্রার্থনা করেছেন।
বৃহস্পতিবার দুপুর নাগাদই স্পষ্ট হয়ে গেছে এবারও বিপুল আসন পেয়ে ফের ক্ষমতায় আসছেন মোদি। এ সময় প্রতিক্রিয়া জানাতে গিয়ে যশোদাবেন স্থানীয় পত্রিকার এক সাংবাদিককে বলেন, ‘আজ ম্যায় বহত খুশ হুঁ। আমি তো এটাই প্রার্থনা করে এসেছি।’ পাশ থেকে যশোদাবেনের ভাই অশোক মোদি বলেন, ‘গোটা দেশের মতো আমরাও খুশি।’
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টাতে ভোটগণনা শুরু হয়েছে। ওইদিন ভোর থেকেই স্বামীর জন্য নির্জলা উপবাস করেছিলেন যশোদাবেন। সকালে গোসল সেরে সাড়ে ৮টা নাগাদ বেরিয়ে পড়েছিলেন অম্বাজি মাতার মন্দিরের উদ্দেশে। সেখানেই ছিলেন প্রায় সারাদিন।
এ প্রসঙ্গে যশোদাবেন বলেন, ‘আজ বৃহস্পতিবার। গুরুবার। মানে গুরুর দিন। আমি গুরুর জন্য উপোস আছি।…মোদি সাহেব যাতে ৩০০-রও বেশি আসন নিয়ে ফের সরকারে আসেন, সে জন্য ব্রত করেছি। উপোস ওর (মোদি) জন্যও।’
তিনি উপবাস ভেঙেছিলেন অনেক রাতে, সব কেন্দ্রের ফল প্রকাশ হওয়ার পর।
মন্দির থেকে ফিরে আসার পর টিভির সামনে থেকে আর উঠেননি। টিভির পর্দায় চোখ রেখে দেখেছেন স্বামীর বিজয়। তাই বুঝি এতটা খুশি তিনি!
প্রসঙ্গত, আইনগতভাবে ১৯৬৮ সালে মোদির সঙ্গে যশোদাবেনের বিয়ে হয়। তখন মোদির বয়স ছিলো ১৮ এবং যশোদাবেনের বয়স আনুমানিক ১৬ বছর। বিয়ের পর মাত্র তিন বছর স্ত্রীর সঙ্গে ছিলেন মোদি। এরপর তিনি যশোদাবেনকে ছেড়ে যান এবং এরপর থেকে তার সঙ্গে কোনোরকম সম্পর্ক রাখেননি। কিন্তু যশোদাবেন এখনও মোদিকে তার স্বামী হিসেবে মেনে চলেন এবং তার জন্য নিয়মিত পূজা আর্চনা ও উপবাস করেন। বর্তমানে যশোদাবেন তার ভাই অশোক ও তার স্ত্রীর সাথে উনঝাতে বসবাস করেন। তিনি খুব সাধারণ জীবনযাপন করেন এবং ধর্মকর্ম করেই তার দিন কাটছে।
সূত্র: আনন্দবাজার/উইকিপিডিয়া















