ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

316

ঢাকা সংবাদদাতা: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নিহত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী।

গতকাল রোববার দিবাগত রাত পৌনে ১টায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে উপজেলার হারুয়া বাজারের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. মোস্তফা (৩০)। তিনি উপজেলার খুলিয়াটি গ্রামের বাসিন্দা।

আজ সোমবার সকালে ‘বন্দুকযুদ্ধ’ সম্পর্কে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদ কবির বলেন, গতকাল রাতে পুলিশ হারুয়া বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা পাঁচটি গুলি চালায়।

‘এ সময় ঘটনাস্থলে মোস্তফা গুলিবিদ্ধ হন। তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মোস্তফার নামে ঈশ্বরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে।’

ওসি আরো দাবি করেন, ‘বন্দুকযুদ্ধে উপপরিদর্শক (এসআই) মো. মোবারক হোসেন ও লাল মিয়া আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ২০০ গ্রাম হেরোইন ও ১০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে।’