আন্তর্জাতিক ডেস্ক: কিছুদিন আগে তাদের মধ্যে ছিল চরম দ্বন্দ্ব। বিশ্ব মিডিয়াতেও সেই খবর প্রকাশ পায় ঘটা করে। রাজবধূ বলে কথা। তবে সেই বিভেদ ভুলে গিয়ে আবারও এক হলেন তারা। বড়দিনের উৎসবে একসঙ্গে দুই ব্রিটিশ রাজবধূ কেট ও মেগানকে দেখা গেছে। এদিন স্যান্ড্রিংহামে চার্চে একসঙ্গে দেখা গেছে তাদের।
এদিন সেন্ট মেরি ম্যাগডালেন চার্চ প্রাঙ্গণে কেট ও মেগানকে স্বাগত জানাতে ভিড় করেছিল সাধারণ মানুষ। তারা হাত নেড়ে হাসি মুখে সবাইকে অভিবাদন জানান।
প্রসঙ্গত, এ বছর ব্রিটিশ রাজপুত্র হ্যারির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাবেক হলিউড তারকা মেগান মের্কেল। তার সঙ্গে বড় রাজবধূ ডাচেস অব ক্যামব্রিজ কেটের সম্পর্ক ভালো নয় বলে সম্প্রতি গুঞ্জন ছড়ায়। এমনকি তারা বড়দিন একসঙ্গে পালন করবেন না বলেও গুঞ্জন ওঠে। তবে সেটি তারা মিথ্যা প্রমাণিত করলেন।
ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, রানীর নির্দেশেই একসঙ্গে বড়দিন উদযাপনে বাধ্য হয়েছেন তারা। রাণী এলিজাবেথ বলে দিয়েছেন, কেট-মেগানের মধ্যে যতই দূরত্ব তৈরি হোক তা যেন জনসম্মুখে না দেখানো হয়।
সূত্র: ডেইলি মেইল















