সিলেট সংবাদদাতা: প্রতি বছরের ন্যায় এবারও সিলেটের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে। সিলেটে ঈদুল ফিতরের প্রধান জামাত হবে সকাল ৯ টায় শাহী ঈদগাহ ময়দানে। এই জামাতে ইমামতি করবেন বন্দর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কুতুব উদ্দিন। আরও নামাজের ইমামতি করবেন সিলেট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা কামাল উদ্দিন। নামাজ পূর্বে বয়ান রাখবেন একই মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ খান।
একই সময়ে হযরত শাহজালাল (র.) এবং হযরত শাহপরাণ (র.) দরগাহ মসজিদেও ঈদের জামাত হবে। সিলেট জেলা প্রশাসক কালেক্টরেট মাঠ, সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ, ডাক বাংলা রোডের নবাবী জামে মসজিদে ঈদ জামাত হবে সকাল সাড়ে ৮টায়।
এছাড়া সকাল সাড়ে ৮টায় শাহ মাদানী ঈদগাহে এবং সাড়ে ৭টা, সাড়ে ৮টা ও ৯টায় নগরীর কুদরত উল্লহ জামে মসজিদে ঈদের জামাত হবে।
সকাল ৯টায় অনুষ্ঠিত শাহী ঈদগাহের জামাতে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ সর্বস্তরের মুসল্লিরা অংশ নেবেন।
এদিকে, ঈদের প্রধান জামাত উপলক্ষে ঈদগাহের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে মাঠের প্রয়োজনীয় সংস্কার, পরিচ্ছন্নতা ও সাজ-সজ্জার কাজ সম্পন্ন হয়েছে। এছাড় ঈদুল ফিতরের জামাতে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করছে সিলেট মহানগর পুলিশ।
বিশেষত; পুরো শাহী ঈদগাহ ময়দানকে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। এছাড়া শাহজালাল, শাহপরাণ দরগাহসহ বিভিন্ন ঈদগাহ এলাকায় নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা জানান, ‘ধর্মপ্রাণ মুসল্লিরা যাতে নির্বিঘ্নে শাহী ঈদগাহে এসে ঈদের নামাজ আদায় করতে পারেন সেজন্য পুলিশের পক্ষ থেকে সব ধরণের ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া নিরাপত্তার স্বার্থে ঈদগাহে আসার সময় জায়নামাজ ছাড়া অন্য কোন কিছু নিয়ে না আসতে মুসল্লিদের প্রতি অনুরোধ জানান তিনি।
শাহী ঈদগাহ ছাড়াও সিলেটের বড় ঈদ জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার শরীফের মসজিদে সকাল ৯টায়।















