আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে শুক্রবার বাস-ট্রাক সংঘর্ষে কমপক্ষে ১৫ জন নিহত এবং আরো ৩০ জন আহত হয়েছেন। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।
প্রাদেশিক পুলিশের এক মুখপাত্র জানান, শুক্রবার সকালে ফারাহ প্রদেশের বাকাওয়া জেলায় ওই দুর্ঘটনা ঘটে।
যাত্রীবাহী বাসটি কান্দাহার থেকে হিরাত প্রদেশে যাওয়ার পথে বিপরীতমুখী এক ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে তিন নারী ও দুই শিশুসহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন বলে ফারাহ প্রদেশের গভর্নরের মুখপাত্র জানিয়েছেন। নিহতদের সবাই বাসের যাত্রী ছিলেন।
তাৎক্ষণিকভাবে এই দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে আফগানিস্তানে প্রায়ই এ ধরনের সড়ক দুর্ঘটনা হয়ে থাকে। চলতি মাসের গোড়ার দিকে কান্দাহারে বাস-ট্রাক সংঘর্ষে ১৩ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছিলেন।
২০১৬ সালে দুটি যাত্রীবাহী বাস ও তেলবাহী ট্যাঙ্কারের মধ্যকার সংঘর্ষে কমপক্ষে ৭৩ জন নিহত হয়েছিল। ওই দুর্ঘটনাটি হয়েছিলো গজনি প্রদেশে। সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে এটিই সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা।
সূত্র: আল জাজিরা















