আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর আগামী শুক্রবার পার্লামেন্ট থেকেও সরে দাঁড়াবেন বলে ঘোষনা দিয়েছেন ম্যালকম টার্নবুল। তার এই ঘোষণা বাস্তবায়িত হলে সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারানোর আশঙ্কা রয়েছে তার দল ক্ষমতাসীন লিবারেল পার্টির।
গত শুক্রবার (২৪ আগস্ট) দলীয় নেতাদের বিদ্রোহের মুখে ক্ষমতাচ্যুত হন টার্নবুল। ওই একই দিন দলের ভোটাভুটিতে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন স্কট মরিসন।
এরপর গত সোমবার (২৭ আগস্ট) দলের এক বৈঠকে পার্লামেন্ট থেকে সরে যাবার ঘোষনা দেন টার্নবুল। কারণ হিসেবে তিনি বলেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রীরা সংসদে তেমন কোনো ভালো দৃষ্টান্ত তুলে ধরতে পারেননি। আর আমি মনে করি সাম্প্রতিক ঘটনাবলী সেই পর্যবেক্ষণের মানকে আরো নিম্নমুখী করেছে।’
করে তবে তিনি পার্লামেন্ট থেকে সরে দাঁড়ালে আইনসভায় সংখ্যাগরিষ্ঠতা হারানোর ঝুঁকিতে থাকবেন নতুন প্রধানমন্ত্রী মরিসন।
অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, টার্নবুলের আসনে উপ নির্বাচন হবে আগামী অক্টোবরে। এই আসনে হেরে গেলে প্রধানমন্ত্রী মরিসনকে পার্লামেন্ট কোনো প্রস্তাব পাস করতে গেলে স্বতন্ত্র দলীয় এমপিদের মুখাপেক্ষী হতে হবে। কেননা দেড়শ আসনের হাউস অব রিপ্রেজেন্টেটিভে ক্ষমতাসীন লিবারেল দলের সদস্য সংখ্যা মাত্র ৭৫। অন্যদিকে পার্লামেন্ট বিরোধী দল লেবার পার্টির রয়েছে ৬৯টি আসন।
এমনিতেও দলের অবস্থা তেমন সুবিধার নয়। অস্ট্রেলিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ২০১৯ সালের মে মাসে। তার আগে প্রাক নির্বাচনী জরিপগুলো বলছে আগামী নির্বাচনে বিজয়ী হবে বিরোধী লেবার পার্টি।
সূত্র: বিবিসি















