ঢাকা সংবাদদাতা: দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
সোমবার সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের (ঢামেক) নতুন গেটে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি ঢামেক হাসপাতালের নতুন গেট থেকে চানখাঁরপুল মোড়ের কাছে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিলে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করেন নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলের শুরুতে সংক্ষিপ্ত এক পথসভায় বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় কারাগারে আটকে রাখা হয়েছে। তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করতে হবে। অন্যথায় এ অবৈধ সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। ।















