রাজধানীর ধামরাইয়ে নাবালক ড্রাইভারের হাতে প্রাণ গেল ৪ জনের

627

ঢাকা সংবাদদাতা: ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে নাবালক বাস ড্রাইভারের বেপরোয়া বাস পরিচালনার কারণে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় কমপক্ষে আরও ১০ জন আহত হন। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার কেলিয়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী সূর্য্যমুখী পরিবহণের যাত্রীবাহী বাসের সঙ্গে ধামরাইয়ের ঢুলিভিটাগামী সেতু পরিবহণের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন পুরুষ নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান।

প্রত্যক্ষদর্শী ইউনুস আলীসহ অনেকে জানান, সেতু পরিবহনের বাসের চালক ও হেলপার দুজনই ১৩-১৪ বছরের। এ ব্যাপারে ধামরাই থানার এসআই জুলফিকার হায়দার জানান, নিহতদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।

নিরাপদ সড়কের দাবিতে সারাদেশে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই এই দুর্ঘটনা ঘটল। এর আগে জুমার নামাজের পর মগবাজারের ওয়ারলেস গেট সংলগ্ন সড়কে বেপরোয়া একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলাম রানা নিহত হন।