ওজিলের ‘বর্ণবাদ’ এর অভিযোগ প্রত্যাখান করেছে জার্মানি

668

স্পোর্টস ডেস্ক: মেসুত ওজিলের ‘বর্ণবৈষম্যে’র অভিযোগ প্রত্যাখান করেছে জার্মান ফুটবল সংস্থা। গতকাল জার্মানির ফুটবল সংস্থার বিরুদ্ধে ‘বর্ণবৈষম্যে’র বিস্ফোরক অভিযোগ তুলে অবসর ঘোষণা করেন ওজিল। তারপরেই শোরগোল পড়ে যায় ফুটবল মহলে।

২০১৪ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য ওজিলের অভিযোগ প্রত্যাখান করে বিবৃতি দিইয়েছে জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি)।

অবসর নেওয়ার পরপরই ওজিল অভিযোগ করেছিলেন, জার্মানি জিতলে তাকে জার্মান মনে করা হয়। অথচ হারলে দেখা হয় অনুপ্রবেশকারী হিসেবে। এই পরিস্থিতিতে তার পক্ষে আর জার্মানির হয়ে খেলা সম্ভব নয়।

কিন্তু ওজিলের সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে জার্মান ফুটবল সংস্থা। এক বিবৃতিতে ডিএফবি জানিয়েছে, জাতীয় দল থেকে ওজিলের অবসর নেওয়াটা দুঃখজনক। তবে বর্ণবৈষম্যের যে অভিযোগ ওজিল করেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন। ডিএফবি কখনওই বর্ণবৈষম্যকে প্রশ্রয় দেয় না। সম্প্রীতি রক্ষা করাই আমাদের মূল লক্ষ্য। বছরের পর বছর ধরে ডিএফবি সেটাই করে চলেছে। তা সত্ত্বেও ওজিলের যদি মনে হয়, তাকে রক্ষা করা হয়নি বর্ণবিদ্বেষ থেকে, তা অত্যন্ত দুঃখজনক।

বায়ার্ন মিউনিখের প্রেসিডেন্ট উলি হোয়েনেসও ওজিলের বিরুদ্ধেই তোপ দেগেছেন। তিনি বলেন, নিজের ব্যর্থতা ঢাকতেই এখন অজুহাত দিচ্ছে ওজিল।