যুক্তরাজ্যে এবার বিষাক্ত নার্ভ এজেন্টে সংজ্ঞাহীন এক যুগল

770

ওয়ানবাংলানিউজ: সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াকে হত্যাচেষ্টায় যে বিষাক্ত রাসায়নিক ব্যবহৃত হয়েছিল সেই একই নার্ভ এজেন্ট নোভিচকের ক্রিয়ায় উইল্টশায়ারের এক যুগলকে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে যুক্তরাজ্য পুলিশ।
শনিবার এইমসবুরির একটি বাড়ি থেকে ওই যুগলকে, যাদের ৪৫ বছর বয়সী চার্লি রৌলি ও ৪৪ বছর বয়সী ডন স্টারজেস বলে মনে করা হচ্ছে, উদ্ধার করা হয়। তাদের দুজনের অবস্থাই ‘গুরুতর’ বলে জানিয়েছে বিবিসি।

রৌলি ও স্টারজেসের ‘অতীত এমন কিছু ছিল না’ যাতে তারা হামলার লক্ষ্য হতে পারেন বলে ইঙ্গিত মেলে, জানিয়েছে পুলিশ। মেট্রপলিটন পুলিশের সহকারী কমিশনার নিল বসু বলেছেন, উইল্টশায়ারের যুগল যে নোভিচক নার্ভ এজেন্টের সংস্পর্শে এসেছেন তা সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াকে হামলায় ব্যবহৃত নোভিচকের সঙ্গে একই ব্যাচে এসেছিল কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

এ সম্ভাব্যতাও ‘অনুসন্ধানের পথ হতে পারে’ বলে মন্তব্য তার। রৌলি ও স্টারজেসের সংজ্ঞাহীন অবস্থার জন্য দায়ী দূষিত বস্তুটিকে চিহ্নিত করা না গেলেও কোথায় তারা বিষাক্ত এ রাসায়নিকটির সংস্পর্শে এসেছিলেন তা বের করতে কর্মকর্তারা ‘যুগলটির চলাচলের পথে প্রতিটি জিনিসের বিস্তৃত পরীক্ষা’ করে দেখছেন বলেও জানিয়েছেন এ সহকারী কমিশনার।

পরিচিত জিনিস না হলে সেটা ধরার ক্ষেত্রে জনসাধারণকে সাবধানতা অবলম্বনেরও পরামর্শ দিয়েছেন তিনি। “কীসের ভেতরে এই নার্ভ এজেন্টটি থাকতে পারে, সে বিষয়ে কোনো ধারণাই নেই আমাদের,” বলেছেন বসু।
যুক্তরাজ্যের কাউন্টার টেররিজম পুলিশিং নেটওয়ার্ক ঘটনাটির তদন্তে নেতৃত্ব দিচ্ছে বলে জানিয়েছে বিবিসি, উইল্টশায়ার পুলিশ তাদের সঙ্গে আছে।

মার্চে স্ক্রিপালদের ওপর ব্যবহৃত নোভিচকের বাকি অংশই এ দফা রৌলি ও স্টারজেস দম্পতির সংজ্ঞাহীন অবস্থার জন্য দায়ী বলেই অনেকের সন্দেহ। ইংল্যান্ডের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা অবশ্য বলছেন, জনসাধারণের জন্য এই বিষাক্ত রাসায়নিকটির ঝুঁকি এখনো অনেক কম।

“উপসর্গের মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত চাওয়ার প্রয়োজন নেই আপনাদের। ওই সময়ের মধ্যে যদি কেউ ওই বিষাক্ত রাসায়নিকের সংস্পর্শে থাকতেন, তাহলে এতক্ষণে তার উপসর্গও স্পষ্ট হওয়ার কথা,” বলেছেন তিনি। শনিবার এইমসবুরির বাড়ি থেকে দুই দফা স্বাস্থ্য কর্মীদের ডাকা হয় বলে জানিয়েছে বিবিসি। স্টারগেস অচেতন হওয়ার পর সকালে একবার, বিকালে রৌলি অসুস্থ অনুভব করার পর আরেকবার।

প্রাথমিকভাবে দূষিত হেরোইন কিংবা ক্র্যাক কোকেন ব্যবহারের কারণে এই যুগল অসুস্থ হয়ে পড়েছেন বলে সন্দেহ করা হয়েছিল। পরে উইল্টশায়ারের পোর্টন ডাউনের প্রতিরক্ষা গবেষণা ব্যবস্থাপনায় পরীক্ষানিরীক্ষা শেষে নোভিচকের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

অসুস্থ হওয়ার আগে রৌলি ও স্টারজেস এইমসবুরি ও সলসবুরির যে যে এলাকায় গিয়েছিলেন পুলিশ সেগুলো ঘিরে রেখেছে বলে জানিয়েছে বিবিসি। সের্গেই ও ইউলিয়া স্ক্রিপাল আক্রান্ত হওয়ার পর সলসবুরির যে স্থানটির দূষণ দূর করা হয়েছিল, উইল্টশায়ার যুগলের মধ্যে কেউ ওই স্থানে গিয়েছিলেন সে বিষয়েও কোনো প্রমাণ পাওয়া যায়নি।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ায় জরুরি বিভাগগুলোর কর্মকর্তা এবং সলসবুরি ডিস্ট্রিক্ট হাসপাতালের কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। এ ঘটনাকে ‘মার্চে সলসবুরিতে হওয়া বেপরোয়া ও বর্বর হামলার ধারাবাহিকতা’ হিসেবেও অ্যাখ্যা দিয়েছেন তিনি। “স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রথম অগ্রাধিকার; যদিও ইংল্যান্ডের পাবলিক হেলথ কর্তৃপক্ষ স্পষ্ট করে বলেছে, জনসাধারণের জন্য এর ঝুঁকি অত্যন্ত কম,” বলেছেন তিনি| সূত্র: বিডিনিউজ