এবার আরিফের বিরুদ্ধে অভিযোগ দিলেন কামরান

647

সিলেট সংবাদদাতা: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের বিরুদ্ধে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর অভিযোগ জানানোর একদিনের মাথায় এবার আরিফুল হকের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দিলেন কামরান।

মঙ্গলবার সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামানের কাছে কামরানের পক্ষ থেকে অভিযোগ করেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন সিসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান।

অভিযোগে কামরান বলেন, ‘প্রতীক বরাদ্দের আগেই সিলেট সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র ও বিএনপি দলীয় প্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে বিএনপি, ছাত্রদল, যুবদল প্রকাশ্যে আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্ন ওয়ার্ড ও পাবলিক প্লেইসে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। এমনকি মনোনয়নপত্র জমা দেয়ার দিনও তিনি দলীয় নেতাকর্মী নিয়ে মনোনয়নপত্র জমা দেন। সেটিও আচরণবিধি লঙ্ঘনের আওতায় পড়ে বলে আমি/আমরা মনে করি। আরিফুল হক চৌধুরীর প্রচার-প্রচারণার লিফলেট, স্টিল ছবি ও বিভিন্ন প্রচারণার সংবাদ গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে।’

কামরানের এ অভিযোগে নির্বাচনের আচরণবিধি ‘লঙ্ঘনের কারণে’ আরিফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহবান জানানো হয়।

এর আগে সোমবার (০২ জুলাই) সকালে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ আরিফের পক্ষে আচরণবিধি লঙ্ঘনের এ অভিযোগ করেন।