যশোর সংবাদদাতা: বেনাপোল স্থলবন্দরে ফের অগ্নিকাণ্ড হয়েছে। ভারতীয় ট্রাক টার্মিনালে আগুন লাগার পর প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রোববার (৩ জুন) ভোরে ট্রাক টার্মিনালে থাকা আমদানি করা পণ্যবোঝাই একটি ভারতীয় ট্রাকে আগুন লাগে। এরপর আগুন ছড়িয়ে পড়ে অন্য ট্রাকে। এতে আমদানি পণ্য তুলা, সুতা, কাগজ, মোটরসাইকেলসহ বিভিন্ন পণ্য পুড়ে যায়।
বেনাপোল বন্দর’ পরিচালক আমিনুল ইসলাম জানান, ভারত থেকে আসা আমদানিকৃত পণ্য বোাঝাই ট্রাক টার্মিনালে অবস্থান করে থাকে। নিয়ম বহির্ভুতভাবে ভারত থেকে আমদানি করা বিভিন্ন যানবাহনের চেসিস ও তৈরি মোটর সাইকেল রাখা হয় টার্মিনালের অভ্যন্তরে। আর এক পাশে রাখা ছিল এসিড জাতীয় পদার্থ। রাত সাড়ে তিনটার দিকে হঠাৎ করে এসিডের ড্রাম বিস্ফোরিত হয়ে পাশের একটি পন্য বোঝাই ট্রাকে পড়লে আগুনের সূত্রপাত ঘটে। একটি ট্রাক থেকে ১০/১২টি ট্রাকে আগুন লেগে তুলা, সুতা, মটর পার্টস ও কেমিকেল পণ্য পুড়ে ছাই হয়ে যায়। আগুনে বেশ কিছু মোটর সাইকেল পুড়ে যায়।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক আমিনুল ইসলাম আরো জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট কাজ করছে।
অন্যদিকে আগুন লাগার ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর আরো বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন বন্দর পরিচালক।















