ভেঙে গেলো অর্জুন রামপালের ২০ বছরের সংসার

743

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা অর্জুন রামপালের বিবাহ বিচ্ছেদ হয়েছে। আইনি প্রক্রিয়ায় স্ত্রী মেহের জেসিয়ার সঙ্গে দীর্ঘ ২০ বছরের সংসার জীবনের ইতি টেনেছেন তিনি। সোমবার (২৮ মে) বোম্বে টাইমসকে দেয়া এক যৌথ বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছেন তারা দু’জনই।

বিবৃতিতে অর্জুন রামপাল ও মেহের জেসিয়া বলেন, ভালোবাসা আর কিছু সুন্দর মুহূর্তের স্মৃতি দিয়ে ঘিরে থাকা আমাদের দীর্ঘ ২০ বছরের যাত্রা এখানেই শেষ হচ্ছে। আমরা বুঝতে পেরেছি, আমাদের দুজনের পথ এখন থেকে আলাদা। আমরা দুজন ব্যক্তিগত বিষয়গুলো ব্যক্তিগত রাখতেই পছন্দ করি। এখন এমন একটা সময় এসেছে, তাই এসব জানাতেই হচ্ছে। তবে আমরা আলাদা থাকলেও একজন আরেকজনের প্রয়োজনে পাশে থাকব, বিশেষ করে আমাদের দুই মেয়ে মাহিকা আর মায়রার জন্য।

বিবৃতিতে আরো বলা হয়, আমরা যখন কাছাকাছি ছিলাম, তখন সব সময় দৃঢ় ছিলাম। আজ যখন আমরা একে অপরকে কাছ থেকে দূরে সরে যাচ্ছি, তখনো দৃঢ় থাকতে চাই। আর ভবিষ্যতে এ ব্যাপারে আমরা আর কোনো মন্তব্য করব না।

শোনা যায়, বলিউড তারকা হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অর্জুন রামপাল। আর দিন দিন সেই সম্পর্ক ঘনিষ্ঠ হতে দেখে সহ্য করতে পারলেন না মেহের জেসিয়া। শুরু হয় সংসারে মান-অভিমান আর কলহ। যার পরিণতি তাদের বিচ্ছেদ।

উল্লেখ্য, ১৯৯৮ সালে বিয়ে করেন অর্জুন রামপাল ও মেহের জেসিয়া।