ভারতে ঘূর্ণিঝড় ও ধূলিঝড়ে নিহত ৭৯

737

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিভিন্ন রাজ্যে বুধবার প্রচণ্ড ঘূর্ণিঝড় ও ধূলিঝড়ে কমপক্ষে ৭৯ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।এদের মধ্যে উত্তরপ্রদেশেই মারা গেছে ৪৫ জন। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য দুটি হচ্ছে উত্তরপ্রদেশ ও রাজস্থান।

বুধবার ঝূর্ণিঝড় আঘাত হেনেছিল পাঞ্জাব, হরিয়ানা ও মধ্যপ্রদেশেও। ঝড়ের পর এই তিন রাজ্যের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে বলে জানা গেছে। বুধবার রাজধানী দিল্লিতেও ঘূর্ণিঝড় ও ভারি বৃষ্টিপাত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে সেখানে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে এ ঘটনায় দুঃখ প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বুধবার টানা বৃষ্টিপাতের পর ঘূর্ণিঝড়ে ভারতের উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে শুধু আগ্রাতেই ৩৬ জনের প্রাণহানি হয়েছে। ঝড়ে আহত হয়েছেন আরো বহু মানুষ। আহত অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঝড়ে গবাদিপশু, ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ৪৫ জনের মধ্যে অধিকাংশের মৃত্যু হয়েছে ঘুমন্ত অবস্থায়। বৃষ্টির পর ঘূর্ণিঝড়ে ঘরের ছাদ ও চাল ধসে তাদের মৃত্যু হয়।

এর আগে বুধবার রাজস্থান রাজ্যের আলওয়ার, ধোলপুর ও ভারতপুর জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ধূলিঝড়ে ২৭ জন মারা গিয়েছিল। এই ঝড়ে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল রাজ্যের ভারতপুর জেলায়। এখানে মৃত্যু হয়েছিল ১১ জনের। ঝড়ের ফলে রাজস্থানের বিভিন্ন জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আগামীতে দেশের বিভিন্ন অংশে আরও ধূলিঝড়, দাবদাহ ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করে দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।

সূত্র: এনডিটিভি/হিন্দুস্তান টাইমস