হাসান উদ্দিন সরকার ১৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

375

ঢাকা সংবাদদাতা: গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মো. হাসান উদ্দিন সরকার ১৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে টঙ্গীতে নিজের বাসভবনে সংবাদ সম্মেলন করে তিনি এই ইশতেহার ঘোষণা করেন।

হাসান সরকার বলেন, পরিকল্পিত নগরায়ন ও সেবা দানকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে নাগরিক সেবা নিশ্চিত করবেন। প্রতিটি ওয়ার্ডের সমস্যা চিহ্নিত করতে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ‘নাগরিক উপদেষ্টা কমিটি’ গঠন করবেন।

গাজীপুর সিটি কর্পোরেশনের সব ধরণের সেবা দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ করা হবে ঘোষণা দেন তিনি। বলেন, দুর্নীতি বন্ধে সব ধরনের দরপত্রে ই-টেন্ডারিংয়ের ব্যবস্থা করা হবে। নাগরিকদের সহযোগিতায় প্রতিষ্ঠানটিকে পেশীশক্তি, মাস্তানি, টেন্ডারবাজিসহ সকল অনৈতিক প্রভাব বলয় থেকে মুক্ত রাখতে সর্বোচ্চ চেষ্টা করব।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন প্রমুখ।