সালাহকে বিক্রি করে দেওয়া নিয়ে যা বললেন মরিনহো

579

খেলাধূলা ডেস্ক: এই মৌসুমে করেছেন ৪৩ গোল। ৪২ মিলিয়ন ইউরোতে কেনা মোহাম্মদ সালাহ রাতারাতি পরিণত হয়েছেন প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়ে। এখনো মৌসুম শেষ হয়নি, বাজারে গুঞ্জন তাঁকে পেতে ২০০ মিলিয়ন ইউরো দিতেও রাজি রিয়াল মাদ্রিদ!

অথচ এই সালাহকেই মাত্র ১১ মিলিয়ন পাউন্ডে পেয়েছিল চেলসি। কিন্তু তাঁকে খেলার সুযোগই দেননি তৎকালীন কোচ হোসে মরিনহো। এ জন্য চেলসি সমর্থকেরা ভয়ংকর হতাশ, কিছুটা ক্ষুব্ধও। কিন্তু মরিনহোর দাবি, সালাহকে ছেড়ে দেওয়ার ব্যাপারে তাঁর কোনো হাত ছিল না।

চেলসিতে আড়াই বছরে মাত্র ১৯ ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন সালাহ। পুরো সময়েই কোচ ছিলেন স্পেশাল ওয়ান খ্যাত মরিনহো। বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্বে থাকা মরিনহো বলেন, ‘এই প্রথম আমি এ নিয়ে কথা বলছি, আমার সঙ্গে আরেকটি অন্যায় করা হয়েছে। মানুষ বলে আমি সালাহকে বিক্রি করে দিয়েছি। আমিই তো তাঁকে কিনে এনেছিলাম।’

সালাহকে ধারে পাঠানোর ব্যাপারটা নাকি খেলোয়াড়ের ভালোর জন্যই করেছিলেন মরিনহো, ‘সালাহ খুব কম বয়সে প্রিমিয়ার লিগে এসেছিল। শারীরিক ও মানসিক—কোনোভাবেই সে প্রস্তুত ছিল না। সামাজিক ও সাংস্কৃতিকভাবে সে এর জন্য প্রস্তুত ছিল না। সবকিছুই কঠিন ছিল। আমরা তাই তাঁকে ধারে পাঠিয়েছি, সে নিজেই এটা চেয়েছে। সে আরও বেশি খেলতে চেয়েছে, পরিণত হতে চেয়েছে। আমরা তাই ফিওরেন্তিনাতে পাঠাই। সেখানে সে পরিপূর্ণ হতে থাকে। চেলসি তাকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে।’

চেলসি সমর্থকেরা এমনিতেই মরিনহোর বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ। এবারের প্রিমিয়ার লিগে দ্বিতীয় সেরা খেলোয়াড় কেভিন ডি ব্রুইনাকেও চেলসির দায়িত্বে থাকা অবস্থায় বিক্রি করে দিয়েছেন। রোমেলু লুকাকুকেও প্রথমে ধারে পাঠিয়ে পরে এভারটনের কাছে বিক্রি করে দিয়েছেন। তবে সালাহর ব্যাপারে কোনো দায়ভার নিতে রাজি নন মরিনহো, ‘যখন বলা হয়, আমি বিক্রি করেছি সালাহকে, সেটা মিথ্যা। আমি ধারে পাঠিয়েছি, কারণ আমার মনে হয়েছে এটা দরকার। কারণ তখন চেলসিতে উইঙ্গার ছিল। উইলিয়ান, এডেন হ্যাজার্ড—এরা সবাই সালাহর চেয়ে অনেক ভালো মানের ছিল। তাই সালাহকে ধারে পাঠানোর সিদ্ধান্ত ছিল সর্বসম্মত। কিন্তু তাঁকে বিক্রি করা এবং সে অর্থে অন্য খেলোয়াড় কেনার সিদ্ধান্ত আমার না।’