বিনোদন ডেস্ক: সুইজারল্যান্ড পর্যটনের ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন রণবীর সিং। ছবির মতো সুন্দর এই দেশ নাকি তাকে বিয়েটাও সেখানে সেরে ফেলার প্রস্তাব দিয়েছে।
এবিপি আনন্দ জানায়, সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে বিয়ে করতে চলেছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। তাদের বাবা-মা নাড়াচাড়া করছেন চারটি তারিখ নিয়ে। চূড়ান্ত হয়েছে অতিথি তালিকা, শুরু হয়েছে বিয়ের কেনাকাটাও।
এর মধ্যে সুইজারল্যান্ডের পর্যটন কর্তৃপক্ষের এই প্রস্তাব রণবীরের কাছে এসে পড়ায় জল্পনা শুরু হয়েছে, তাহলে কি বিরাট-আনুশকার পর আরেক সেলিব্রিটি জুটি ইউরোপকে বেছে নিলেন বিয়ের ঠিকানা হিসেবে?
যদিও রণবীর এই প্রস্তাবে ‘হ্যাঁ’ বলেছেন কিনা জানা যায়নি।
রণবীর-দীপিকার প্রেমকাহিনী নিয়ে দীর্ঘদিন ধরে বলিউডে আলোচনা চলছে। গত বছর দীপিকার জন্মদিনে নাকি এক সঙ্গে শ্রীলঙ্কা ঘুরে আসেন রণবীর। শোনা যাচ্ছিল, এক গোপন অনু্ষ্ঠানে তাদের বাগদানও হয়ে গিয়েছে। যদিও পরে জানা যায়, এই সব খবরের সত্যতা নেই।













