ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ

609

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভ্যন্তরীণ নিরাপত্তা উপদেষ্টা টম বোজার্ট পদত্যাগ করেছেন।

মঙ্গলবার হোয়াইট হাউসের পক্ষ থেকে টম বজার্টের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়। তবে পদত্যাগের কারণ এতে উল্লেখ ছিল না।

জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত জন বল্টন ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার মাত্র একদিন পরই পদত্যাগ করলেন বোজার্ট। হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স জানান, দেশের নিরাপত্তায় টম যে ভূমিকা রেখেছে তার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প কৃতজ্ঞ। দেশকে সন্ত্রাসী হুমকি থেকে রক্ষা, সাইবার প্রতিরক্ষা বাড়ানো ও নানা প্রাকৃতিক দুর্যোগের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।

২০১৭ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা নেয়ার পর বেশ কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তা তার প্রশাসন থেকে বেরিয়ে গেছেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্পের দীর্ঘ দিনের উপদেষ্টা হোপ হিকস হোয়াইট হাউজের কমিউনিকেশনস পরিচালকের পদ থেকে সরে দাঁড়ান। পদত্যাগ করার সময় হিকস বলেন যে, তিনি নতুন সুযোগ কাজে লাগাতে চান।

এর আগে রোববার জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র মাইকেল অ্যান্টন পদত্যাগ করেন। খুব সম্প্রতি জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টার পদত্যাগ করেছেন। আর কাছাকাছি সময়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে বরখাস্ত করেন ট্রাম্প।

এ নিয়ে হোয়াইট হাউসের প্রায় ৩০ কর্মকর্তা নিজ থেকে পদত্যাগ করলেন বা চাকরিচ্যুত হলেন।