খালেদা জিয়ার মুক্তির দাবিতে হবিগঞ্জে বিএনপির মানববন্ধন

649

সিলেট সংবাদদাতা: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে হবিগঞ্জ জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠন। মঙ্গলবার সকাল ১১টায় হবিগঞ্জ পৌরসভার সামনে থেকে শায়েস্তানগর পর্যন্ত শান্তিপূর্ণ এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেন, বাকশাল সৃষ্টি করেও জনতার আন্দোলনে ঠিকতে পারেনি আওয়ামী লীগ। পুলিশ দিয়েও মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন দমিয়ে রাখতে পারবে না। গণআন্দোলনের মুখেই গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধ্য হবে এই ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকার।

তিনি এ সময় আরো বলেন, মিথ্যা মামলা দিয়ে আর মিছিলে গুলি নিক্ষেপ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন বন্ধ করতে পারবে না পুলিশ। প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়ে হলেও হবিগঞ্জে বিএনপির আন্দোলন চলবে।