ফয়জুরকে জঙ্গি আদর্শে উদ্বুদ্ধ করে বন্ধু সোহাগ

855

সিলেট সংবাদদাতা: অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুরকে ওয়াজের সিডি সরবরাহের কথা স্বীকার করেছে তার বন্ধু সোহাগ। তবে, কোনো জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে তাদের যোগাযোগের সূত্র এখনও বের করতে পারেনি পুলিশ। এদিকে, ফয়জুরের মা, বাবা, ভাইসহ বেশ কয়েকজনের জবানবন্দি নেয়া হয়েছে। শিগগিরই এ মামলার কার্যক্রম সম্পন্ন করার আশাবাদ পুলিশ কর্মকর্তাদের।

হামলাকারী ফয়জুরের দেয়া তথ্যে সিলেটের কালিবাড়ি এলাকা থেকে বন্ধু সোহাগ মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে ৭ দিনের রিমান্ডে নেয়া হয় তাকে। সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছাদিকুর রহমানের ছেলে সোহাগ। পড়াশোনা সপ্তম শ্রেণি পর্যন্ত। এরপর প্রায় সাত বছর কাপড়ের ব্যবসা করে। এসময়ই ফয়জুরের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠে তার।

তবে, স্বজনদের দাবি সোহাগের আচার-আচরণে সন্দেহজনক কোনো কিছু খুঁজে পাননি তারা। কিন্তু পুলিশ বলছে, সোহাগের সরবরাহকৃত ওয়াজের ভিডিও গুলো ফয়জুরকে জঙ্গিবাদী মতাদর্শে উদ্বুদ্ধ করেছে।

ইন্টারনেটে ফয়জুর আইএসসহ বিভিন্ন জঙ্গি গ্রুপের ব্যাপারে ঘাটাঘাটি করলেও, এসব গ্রুপের সঙ্গে তার যোগাযোগের কোনো প্রমাণ এখনও পায়নি পুলিশ।

গেলো ৩রা মার্চ, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রিপল-ই বিভাগের একটি অনুষ্ঠান চলাকালীন সময়ে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা করে ফয়জুর। এ ঘটনায় গুরুতর আহত মুহম্মদ জাফর ইকবালকে তাৎক্ষণিকভাবে সিলেট মেডিকেল কলেজ ও সে রাতেই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে এনে চিকিৎসা দেয়া হয়।