খালেদা জিয়া এ যুগের ঘোষেটি বেগম: নৌমন্ত্রী

490

ঢাকা সংবাদদাতা: যুদ্ধাপরাধীদের সঙ্গে আঁতাতকারী খালেদা জিয়াকে এ যুগের ঘোষেটি বেগম বলে অভিহিত করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। তিনি বলেছেন, ‘নবাব সিরাজ-উদ-দৌলার আমলের খুনিদের সঙ্গে আঁতাত করে তাকে হত্যার চক্রান্ত করেছিল ঘোষেটি বেগম। আর খালেদা জিয়া তার শাসনামলে যুদ্ধাপরাধীদের সঙ্গে আঁতাত করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত করেছেন।’

শুক্রবার বিকালে হাতিয়ার নিঝুম দ্বীপে লাইট হাউস ও কোস্টাল রেডিও স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা আয়না দেখে এসেছি। আমাদের নীতি ও দল একটাই। আপনারা আপনাদের মুখ আয়নায় ভালো করে দেখেন। আপনাদের দলে অনেক বহুরূপীর ভিড়। তারা বারবার দল পাল্টায়। তাদের উচিত তাদের অপকর্ম আর মুখোশ উন্মোচনে নিজেদের চেহারা আয়নায় দেখা।’

খালেদা জিয়ার উদ্দেশে নৌমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া সবসময় দেশ ও জাতির সঙ্গে মিথ্যাচার করে চলেছেন। তিনি তার জন্মদিন নিয়েও মিথ্যাচার করেছেন। একজন মানুষ কয়বার জন্মগ্রহণ করে? কিন্তুতিনি চার বার জন্মগ্রহণ করেছেন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্যাহ আল ইসলাম জ্যাকব, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন ও পৌর মেয়র একেএম ইউছুপ আলী প্রমুখ।