‘বিদেশে অর্থপাচারের নিরাপদ উপায় আইপিএল’

886

খেলাধুলা ডেস্ক: ঘরোয়া ক্রিকেটের সব থেকে জাকজমকপূর্ণ আয়োজন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বিশ্বের সব সেরা ক্রিকেট তারকারা যোগ দেয়। আর এই আয়োজনে নিজেদের প্রমোশনের জন্য মাল্টি বিলিওনিয়ার কোম্পানিগুলোও ঝাঁপিয়ে পড়ে।

শনি ও রোববার দু’দিন ধরে হয়ে গেলো একাদশতম আসরের নিলাম। এতে ১৬৯ জন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে আট ফ্রাঞ্চাইজি। এর মধ্যে ৫৬ বিদেশি ক্রিকেটার রয়েছেন। এতে খরচ করা হয়েছে ৪৩১ কোটি ৭০ লাখ টাকা রুপি। এছাড়া আরও ১৮ ক্রিকেটারকে দলে আগে থেকেই রেখে দেয়া হয়েছিল।

২০০৭ সালে শুরু হওয়া বিশ্বের অন্যতম ব্যয়বহুল এই টুর্নামেন্ট নিয়ে শুরু থেকেই নানা সমালোচনা ছিল।

এবার জনপ্রিয় এই আয়োজন নিয়ে মুখ খুলেছেন ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বিষাণ সিং বেদী।

আইপিএলকে বিদেশে টাকা পাচার করার নিরাপদ উপায় বলে মন্তব্য করেছেন এই কিংবদন্তি ক্রিকেটার।

বেদী বলেন, ‘কেউ কী বলতে পারেন ১ উইকেটের জন্য এক কোটি টাকা খরচ করা বা ১ রানের জন্য ৯৭ লাখ টাকা খরচ করার কোনো যৌক্তিকতা আছে? দেশের জন্য খেলে কোনো ক্রিকেটার এত উপার্জন করলে একটি কথাও বলতাম না। কিন্তু ওরা তো খেলছে এক একটা জঘন্য ক্লাবের জন্য।’

বাঁ-হাতি এই স্পিনার অভিযোগ করেন, ‘জানতে চাই এত টাকা কোথা থেকে আসছে আর কোথায়ই বা যাচ্ছে? এটি যদি অর্থপাচার করা না হয় তা হলে কোনটা?’

বেদীর আরও বলেন, ‘এই যে ভারতীয় ক্রিকেটকে বাঁচাতে বিচারপতি লোধা কমিশন গঠন করতে হয়েছিল তার জন্যও আইপিএল দায়ী। কখনও শুনিনি এমন সস্তার জিনিসের জন্য এত কাঁড়ি কাঁড়ি টাকা খরচ হয়।’

বেদী দলের সদস্যদের আকাশ-পাতাল পারিশ্রমিক নিয়েও প্রশ্ন তুলেছেন।

তিনি প্রশ্ন করে বলেন, বিরাট কোহলি যেখানে ১৭ কোটি টাকা পাচ্ছেন, সেখানে ওই দলের তরুণ ক্রিকেটাররা কি করে সাত-আট লাখ টাকা পাচ্ছেন? যদিও আইপিএল কর্তৃপক্ষ তার মন্তব্যে মাথা ঘামাচ্ছে না।

টুর্নামেন্টের চেয়ারম্যান রাজীব শুক্লা বলেছেন, ‘যে যা ইচ্ছে বলুক। বেদীর মনে রাখা উচিত, আইপিএল থেকে অর্জিত টাকায় সাবেক ক্রিকেটাররাও উপকৃত হন।’