পাঁচ বছরে লন্ডনে ১৫শ এসিড আক্রমন: আক্রান্তদের সহায়তায় ২৫ জানুয়ারী চ্যারেটি ডিনার

বৃটেনে মোপেড এবং মোটসাইকেলের মাধ্যমে গত বছর ১৬ হাজারের বেশি অপরাধ সংঘটিত:

1637

ওয়ানবাংলানিউজ: লন্ডনে দিনে দিনে বেড়েই চলেছে এসিড হামলা ও নাইফ ক্রাইম। এসব ঘটনার বেশির ভাগই ঘটানো হচ্ছে মোপেড ও মোটসাইকেলের মাধ্যমে। অপরাধগুলোর সাথে জড়িতদের অধিকাংশই তরুন। একটি চক্র উঠতি বয়সী তরুনদের এসব অপরাধের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন ক্যাম্পেইনাররা। গত ১৯ জানুয়ারী টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস, নিউহামের এমপি স্টিফেন টিমস এবং ওয়াকার্স ইউনিয়ন লন্ডন নামের একটি সংগঠন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কার্যালয় মালবেরী প্লেইসে এক যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন।

এতে লিখিত বক্তব্যে বলা হয় বৃটেনে গত ১২ মাসে ১৬ হাজারের বেশি অপরাধ সংঘটিত হয়েছে মোপেড এবং মোটসাইকেলের মাধ্যমে। এর মধ্যে প্রায় ১৫ হাজার মোপেড এবং মোটসাইকেল চুরির ঘটনা ঘটে। আর গত পাঁচ বছরে শুধু লন্ডনেই ১৫শ এসিড আক্রমনের ঘটনা রেকর্ড করেছে পুলিশ। এসিড আক্রমনের ঘটনা সর্বাধিক ঘটেছে ইস্ট লন্ডনের নিউহাম বরায়। দ্বিতীয় স্থানে রয়েছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এলাকা। এসিড সন্ত্রাসের বিপরীতে সরকারের বিদ্যমান আইন, অপরাধ প্রতিরোধে-যথেষ্ট নয় দাবী করে, নতুন করে তিনটি প্রস্তাবনা পার্লামেন্টে পেশ করেছেন নিউহামের এমপি স্টিফেন টিমস।
অন্যদিকে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র জন বিগ্স এসিড হামলা প্রতিরোধে হোম সেক্রেটারীর কাছে ৫ দফা দাবী পেশ করেছিলেন। এ ধরনের হামলা প্রতিরোধে পুলিশের যথেষ্ট রিসৌর্স না থাকায় হতাশা প্রকাশ করেন তিনি। তিনি বলেন এটি নিয়ে রাজনীতি করা ঠিক হবে না। সরকারকে আরো অধিক সংখ্যক পুলিশ দিতে হবে।
এদিকে এসিড সন্ত্রাস বন্ধে ওয়াকার্স ইউনিয়ন লন্ডনের ব্যানারে ক্যাম্পেইন করে যাচ্ছেন এসিড আক্রান্ত বাংলাদেশী যুবক জাবেদ হোসেন। তাঁর নেতৃত্বে ক্যাম্পেইন ইতিমধ্যে সরকারের বিভিন্ন মহলে প্রশংশিত হয়েছে। এসিড হামলায় আক্রান্তদের জন্য আগামী ২৫ জানুয়ারী রয়েল রিজেন্সি হলে, অনুষ্ঠিত হতে যাওয়া-চ্যারিটি ডিনার সফল করতে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।

একটি চক্রের প্ররোচনায় কম বয়সী তরুণেরা অপরাধ সংঘটিত করে- সহজেই মোটরসাইকেলে অথবা মোপেডে পালিয়ে যাচ্ছে। এসব অপরাধ প্রতিরোধে সরকারের পাশাপাশি পরিবার, স্কুল ও কমিউনিটিকে আরো বেশি সচেতন হতে হবে বলে মনে করেন ক্যাম্পেইনররা।