খেলাধুলা ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের ২৩তম ম্যাচে জয় পেয়েছে ম্যানচেষ্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে স্টোক সিটিকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানইউ।
ঘরের মাঠে শুরু থেকেই স্টোক সিটির রক্ষণকে ব্যস্ত রাখে ভ্যালেন্সিয়া, মার্তিয়াল আর লুকাকুরা। ম্যাচের ৯ মিনিটেই অলরেডদের ইকুয়েডোরিয়ান অ্যাটাকার লুইস ভ্যালেন্সিয়ার গোলে লিড নেয় স্বাগতিকরা।
৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন দলের ফরাসি স্ট্রাইকার মার্তিয়াল। আর দ্বিতীয়ার্ধে এসে ৮৭ মিনিটে ম্যাচের তৃতীয় গোলটি করেন বেলজিয়ান তারকা রোমেলু লুকাকু।
এই জয়ে ২৩ ম্যাচ শেষে ৫০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় অবস্থানে হোসে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেড। তবে সমান ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে সবার উপড়ে পেপ গার্দিয়োলার ম্যানসিটি।















