চৌধুরী মইনুদ্দিনকে নিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানের রিপোর্ট

1600

ঢাকা সংবাদদাতা: ব্রিটিশ বাংলাদেশী চৌধুরী মইনুদ্দিনকে নিয়ে দ্যা সান একটি বিশেষ রিপোর্ট প্রকাশ করেছে। এতে বলা হয়েছে ১৯৭১ সালে বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চৌধুরী মইনুদ্দিন বর্তমানে উত্তর লন্ডনে বসবাস করছেন। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইন্টারপোলের ২৫ জন মোস্ট ওয়ান্টেড ব্রিটিশ মুসলিম নেতার তালিকায় রয়েছে তার নাম রয়েছে। তাকে ইন্টারপোল খুঁজে না পেলেও ৬৯ বছর বয়সী চৌধুরী মইনুদ্দিনের কয়েকটি ছবি প্রকাশ করে পত্রিকাটি বলছে, তিনি যে বাড়িটিতে বসবাস করছেন, তার মূল্য প্রায় ১০ লাখ পাউন্ড।

পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের ‘মোস্ট ওয়ান্টেড ব্রিটিশ ফিউজিটিভ’-এর তালিকায় রয়েছেন মঈনুদ্দীন। বাংলাদেশ সরকারের অনুরোধেই মঈনুদ্দীনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করে ইন্টারপোল। আন্তর্জাতিক এই সংস্থাটির মোস্ট ওয়ান্টেড তালিকায় নাম থাকা ২৫ জনের প্রত্যেকেই ‘পলাতক’ রয়েছেন। তবে ২৬ ডিসেম্বর দ্য সানের প্রতিবেদনে বলা হয়, মঈনুদ্দীন দিব্যি ঘুরে বেড়াচ্ছেন লন্ডনে। তিনি শপিং করেন, মসজিদেও যান। তার স্বাভাবিক চলাফেরার কিছু মুহূর্তকে ক্যামেরাবন্দিও করেছেন পত্রিকাটির সাংবাদিকরা। এ বিষয়ে মঈনুদ্দীনের এক প্রতিবেশী বলেন, ‘হয়তো ইন্টারপোল খুব ভালোভাবে তাকে খুঁজছে না।’

দ্য সান জানায়, মঈনুদ্দিন তার বাড়িতে বসেই তার বিরুদ্ধে আনীত অভিযোগকে ‘বাজে কথা’ অভিহিত করে অস্বীকার করেছেন। ইন্টারপোলের রেড নোটিশের বিরুদ্ধে আপিল করেছেন বলেও দাবি করেছেন তিনি।

উল্লেখ্য, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই মঈনুদ্দীন ব্রিটেনে আসেন। ব্রিটিশ নাগরিকত্বও পান তিনি। ৫৭ বছর বয়সী স্ত্রী ফরিদা ও চার সন্তান নিয়ে উত্তর লন্ডনে বসবাস করছেন তিনি। তাকে গ্রেফতারে স্কটল্যান্ড ইয়ার্ডের সহায়তাও চেয়েছে বাংলাদেশ।