দাবি না মানলে কঠোর কর্মসূচি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের

927

ঢাকা সংবাদদাতা: আজকের মধ্যে দাবি না মানলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

সোমবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘোষণা দেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি আনিসুর রহমান।

তিনি বলেন, সন্ধ্যার মধ্যে আমাদের দাবি মেনে না নেওয়া হলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা আবারো প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেব। যদি তিনি আমাদের ন্যায্য দাবি মেনে না নেন তাহলে আমরা বিদ্যালয় অচল করে দেব।

এ শিক্ষক নেতা বলেন, প্রধানমন্ত্রী ‘মাদার অব হিউম্যানিটি’। কিন্তু তিন দিন ধরে আমরা আমাদের ন্যায্য দাবির জন্য অনশন করছি, অসুস্থ হয়ে পড়ছি, কিন্তু কেউ এ বিষয়ে ভ্রুক্ষেপ করছে না। কেউ আমাদের দাবিকে ‘অযৌক্তিক’ বলতে পারলে তিনি অনশন কর্মসূচি বাতিল করবেন বলেও ঘোষণা দেন।

এদিকে গতকাল রোববার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপের সঙ্গে শিক্ষক প্রতিনিধির বৈঠকের কথা থাকলেও তা হয়নি। বৈঠকটি আজ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার সকাল থেকে কয়েক হাজার শিক্ষক এ অনশন কর্মসূচি পালন করছেন।

শিক্ষকরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। এমনকি আগামী ১ জানুয়ারি বিনা মূল্যের নতুন বই বিতরণ উৎসবেও তারা যোগ দেবেন না।

বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের উদ্যাগে শিক্ষকদের এ অনশন কর্মসূচি চলছে। মহাজোটের অধীনে সহকারী শিক্ষকদের ১০টি সংগঠনের হাজার হাজার শিক্ষকরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এ অনশনে যোগ দিয়েছেন। শহীদ মিনার প্রাঙ্গণে পাটি, পত্রিকা, পলিথিন বিছিয়ে এই শীতের দুই রাত পার করেছেন শিক্ষকরা।

শিক্ষক নেতারা জানান, অনশনে ৩৩ জন শিক্ষক অসুস্থ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

অনশনকারী শিক্ষকদের দাবি, আগের বেতন স্কেলগুলোতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকরা বেতন পেতেন। কিন্তু ২০১৫ সালের বেতন কাঠামোতে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকদের সঙ্গে প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের ব্যবধান তিন ধাপ। এখন প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকরা ১৪তম গ্রেডে (মূল বেতন ১০ হাজার ২০০) বেতন পাচ্ছেন। আর প্রধান শিক্ষকরা পাচ্ছেন ১০তম গ্রেডে (মূল বেতন ১৬ হাজার টাকা)। সহকারী শিক্ষকরা এই বৈষম্য নিরসনে প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে ১১তম গ্রেডে (১২ হাজার ৫০০) বেতন চান।