মাহবুব আলী খানশূর: ব্রিটেনে এসাইলাম প্রার্থীদের আবেদনের সিদ্ধান্ত গ্রহনের জন্য হোম অফিস ছয় মাসেরও বেশি সময় নিচ্ছে। কোন কোন ক্ষেত্রে এ সময় এক থেকে দুই বছরও লেগে যাচ্ছে বলে সরকারী এক পরিসংখ্যানে দেখা গেছে। আর এ কারনে কোন এসাইলাম প্রার্থী জীবিকা নির্বাহের জন্য কাজ অথবা ব্যবসা না করতে পেরে মানবেতর জীবনযাপন করছে। এসাইলাম প্রার্থীদের আবেদনের সিদ্ধান্ত ছয়মাসেও নেয়া হয়নি এরকম প্রার্থীর সংখ্যা আগের বছরের চেয়ে ৭২ শতাংশ বেড়েছে গত বছর।
২০১৭ সালের মার্চের শেষদিকে প্রকাশিত হোম অফিসের এক পরিসংখ্যানে দেখা যায়,২৮ হাজার ৮৯১ জন এসাইলামের জন্য আবেদন করেছে ব্রিটেনে। এদের মধ্যে ছয় মাসেরও বেশি আগে আবেদন করা প্রায় ৮ হাজার ৮৭৯ জন এসাইলাম প্রার্থীদের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নিতে পারেনি হোম অফিস। ২০১৬ সালে এরকম প্রার্থীর সংখ্যা ছিল ৫ হাজার ৫৯ জন। আর ২০১৫ সালে এরকম ভুক্তভোগীদের সংখ্যা ছিল ৩ হাজার ১২৭জন। তার মানে আবেদনের পর ছয়মাসেও সিদ্ধান্ত নেয়া হয়নি এরকম এসাইলাম প্রার্থীর সংখ্যা গত দুই বছরে বেড়েছে ১৭৮ শতাংশ ।
ব্রিটেনে কেউ এসাইলামের আবেদন করলে ছয় মাসের মধ্যে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়ে দেয়া হয়। কিন্তু গত দুই বছরে কয়েক হাজার এসাইলাম প্রার্থীর বিষয়ে ছয় মাসের মধ্যে কোন সিদ্ধান্ত না নেয়ায় তাদের অনেকেই হোমলেস হয়ে পড়েছে। অনেকে অর্থ সংকটে দুর্বিসহ জীবন যাপন করছে। অন্যদিকে দেখা যায়, এনএইচএসের ভুলে কারনে অনেক এসাইলাম প্রার্থী সাধারন স্বা¯্’্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। সম্প্রতি প্রায় ৭৩০০ সিরিয় নাগরিক ব্রিটেনে এসাইলাম ভিসায় স্থায়ীভাবে বসবাস করার অনুমতি পাওয়ায় এসাইলাম প্রার্থীর সংখ্যা অনেক কমে গেছে।
এসাইলাম প্রার্থীদের ওরকম ভোগান্তির বিষয়ে জানতে চাওয়া হলে রিফুউজি কাউন্সিলের এডভোকেসির ডিরেক্টর ড.লিসা ডউলি জানান, এটা খুবই উদ্বেগের বিষয় যে ব্রিটেনে আশ্রয়প্রার্থী আবেদনকারীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। আর কারনে তারা দারিদ্রতার যাতাকলে দিনাতিপাত করছে। নির্বাচনের পর যারা সরকার গঠন করবে তাদের কাছে আমার আবেদন থাকবে নির্দিষ্ট সময়ের মধ্যে যেনো এসাইলাম প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়, অহেতুক যেন সময় ক্ষেপন করা না হয় । শুধু তাই নয়,তাদেরকে যেন অগ্রাধিকার দিয়ে কাজ করা হয়। যুদ্ধ ও নানাধরনের নিপীড়নের কারনে ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের সুষ্ঠু ও কার্যকরী প্রক্রিয়ায় তাদের সমস্যা সমাধান করতে হবে।















