যুক্তরাজ্যে ডিজেলের দাম রেকর্ডে, বাড়ল জীবনযাত্রার ব্যয়ের চাপ…

25

সাইফ হাসান: মধ্যপ্রাচ্যে চলমান যু*দ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় যুক্তরাজ্যে মূল্যস্ফীতির হার ৩ দশমিক ৬ শতাংশে পৌঁছেছে। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকসের তথ্যানুযায়ী, সেপ্টেম্বরে এই হার ছিল ৩ দশমিক ৫ শতাংশ যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ। অক্টোবরে পেট্রোলের দাম চার বছরের সর্বোচ্চ পর্যায়ে উঠেছে এবং ডিজেলের দাম ১৯৯৬ সালের পর সব রেকর্ড ছাড়িয়ে গেছে। শীতের মৌসুম সামনে রেখে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ায় ব্রিটিশ পরিবারগুলোর ওপর জীবনযাত্রার ব্যয়ের চাপ আরও তীব্র হয়েছে। পরিস্থিতি সামাল দিতে সরকার ইতিমধ্যে দুই কোটি পরিবারকে শীতকালীন আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে।

পরিসংখ্যান দপ্তরের প্রধান অর্থনীতিবিদ গ্রান্ট ফিটজনার জানান, অপরিশোধিত তেল ও পেট্রোলের দাম বাড়ায় কাঁচামাল এবং কারখানার পণ্যের খরচ ক্রমাগত বাড়ছে। সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে পেট্রোলের দাম প্রতি লিটারে ৫ দশমিক ২ পেন্স বেড়ে ১৭৪ দশমিক ৭ পেন্সে দাঁড়িয়েছে এবং ডিজেলের দাম ৭ পেন্স বেড়ে হয়েছে ১৯৯ দশমিক ৫ পেন্স। বার্ষিক হিসাবে যানবাহনের জ্বালানি খরচ বেড়েছে ৩৩ দশমিক ২ শতাংশ, যা ২০২২ সালের জুলাইয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর সর্বোচ্চ বৃদ্ধি।

ইরান সংঘাতের জেরে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা তৈরি হওয়ায় অ্যান্ডি বার্নহামের সরকার সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। চ্যান্সেলর জন হিলি গত মাসের বাজেটে জানুয়ারিতে দুই কোটি পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ১০০ পাউন্ড করে শীতকালীন সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে পরামর্শক সংস্থা কর্নওয়াল ইনসাইট পূর্বাভাস দিয়েছে যে, আগামী জানুয়ারি থেকে গ্রেট ব্রিটেনে সাধারণ পরিবারের বার্ষিক জ্বালানি বিল ২৬ শতাংশ বেড়ে ২ হাজার ১৬৬ পাউন্ডে পৌঁছাতে পারে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাংক অব ইংল্যান্ড চলতি মাসের শুরুতে সুদের হার ৩ দশমিক ৭৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪ শতাংশ করেছে এবং আগামী বছর তা আরও বাড়ানোর ইঙ্গিত দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আগামী বছরের মাঝামাঝি সময়ে মূল্যস্ফীতি ৫ শতাংশের কাছাকাছি পৌঁছাতে পারে। ট্রেজারির চিফ সেক্রেটারি এমা রেনল্ডস জানিয়েছেন, জ্বালানি বিল কমাতে এবং ভবিষ্যতের বৈশ্বিক ধাক্কা সামাল দিতে সরকার ইতিমধ্যে দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ শুরু করেছে।

#যুক্তরাজ্য #মূল্যস্ফীতি #অর্থনীতি #aknews #onebanglanews