হাসপাতালে ভিড় কমাতে ব্রিটিশ সরকারের বড় পদক্ষেপ…

11

সাইফ হাসান: ইংল্যান্ডের সবচেয়ে ঝুঁকিপূর্ণ পাঁচ লাখ মানুষের জন্য নতুন স্বাস্থ্য ও সামাজিক সেবা চালুর ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ইভেট কুপার। আগামী এপ্রিলের মধ্যে প্রবীণ, ডিমেনশিয়া রোগী এবং কেয়ার হোমের বাসিন্দারা এই বিশেষ সেবার আওতায় আসবেন। এনএইচএস এবং স্থানীয় কাউন্সিলের কর্মীদের সমন্বয়ে গঠিত নতুন দলগুলো সরাসরি রোগীদের বাড়িতে গিয়ে সহায়তা দেবে। পর্যায়ক্রমে এই প্রকল্পের পরিধি বাড়িয়ে প্রায় ২০ লাখ মানুষকে এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে। হাসপাতালের ওপর বাড়তি চাপ কমানো এবং রোগীদের ঘরে বসেই মানসম্মত চিকিৎসা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

বুধবার কিং’স ফান্ডের বার্ষিক সম্মেলনে দেওয়া বক্তৃতায় ইভেট কুপার এই পরিকল্পনাকে জাতীয় কেয়ার সার্ভিস গঠনের প্রাথমিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, প্রকল্পটি পুরোপুরি চালু হলে হাসপাতালে রোগীদের শয্যা ব্যবহারের চাপ ৪৩ লাখ দিন কমবে এবং করিডোরে অপেক্ষমাণ রোগীর সংখ্যাও হ্রাস পাবে।

সরকারের এই নতুন উদ্যোগে স্থানীয় পর্যায়ে নেইবারহুড সাপোর্ট টিম গঠন করা হবে, যারা ঝুঁকিপূর্ণ মানুষদের চিহ্নিত করে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করবে। এ ছাড়া ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য সার্বক্ষণিক হেল্পলাইন চালুর পাশাপাশি প্রত্যেকের জন্য আলাদা কেয়ার প্ল্যান তৈরি করা হবে।

এনএইচএসের সেবাকে অ্যানালগ থেকে ডিজিটালে রূপান্তর, রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়া এবং হাসপাতালের বদলে কমিউনিটি পর্যায়ে চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে গত সপ্তাহে শীতকালীন মৌসুমে তিন লাখ ঝুঁকিপূর্ণ রোগীকে বাড়িতে উন্নত সেবা দিতে জিপিদের জন্য ৪০ মিলিয়ন পাউন্ড বরাদ্দের ঘোষণা দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী।

#ইংল্যান্ড #স্বাস্থ্যসেবা #যুক্তরাজ্য #aknews #onebanglanews