আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের কাতালোনিয়ার আঞ্চলিক পার্লামেন্টের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে স্বাধীনতাপন্থী দলগুলো। পার্লামেন্টের বেশির ভাগ আসনেই তারা জয়ী হয়েছে বলে জানিয়েছে বিবিসি। এখন স্পেনের কেন্দ্রীয় সরকারের সঙ্গে কাতালোনিয়ার স্বাধীনতাপন্থীদের দ্বন্দ্ব আরও তীব্র হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এই ভোটগ্রহণ হয়। গত অক্টোবরে গণভোটের রায় নিয়ে কাতালোনিয়ার স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর কেন্দ্রীয় সরকার প্রদেশটির পার্লামেন্ট বাতিল করে এ নির্বাচন দেয়।
ভোটের ফল প্রকাশের পরপরই বেলজিয়ামে স্বেচ্ছা নির্বাসনে থাকা কাতালোনিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট কার্লোস পুজদেমন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘স্বাধীনতা আন্দোলন ব্যাহত করতে মারিয়ানো রাজয়ের (স্পেনের প্রধানমন্ত্রী) উদ্যোগ ব্যর্থ হয়েছে। নানা প্রতিকূলতা সত্ত্বেও স্বাধীনতার পক্ষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অব্যাহত রয়েছে।’
এর আগে স্পেনের স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। রাত ৮টা পর্যন্ত ভোটকেন্দ্র খোলা ছিল। ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই গণনা শুরু হয়।
নির্বাচনে একক দল হিসেবে বেশি আসন পেয়েছে সিটিজেনস পার্টি। এ দলটি কাতালোনিয়ার স্বাধীনতা নয়, বরং স্বায়ত্তশাসন নিয়ে স্পেনের সঙ্গে থাকার পক্ষে। নির্বাচনের এ অবস্থায় কোন দলকে সরকার গঠনের জন্য আহ্বান জানানো হবে তা এখনও পরিষ্কার নয়।
নির্বাচনে ভোট পড়েছে ৮০ শতাংশের বেশি। এরমধ্যে ২৫ শতাংশ ভোট পায় সিটিজেনস পার্টি। ১৩৫ আসনের সংসদে দলটি জিতেছে ৩৬টিতে।
অন্যদিকে, স্বাধীনতাপন্থী দল টুগেদার ফর কাতালোনিয়া, রিপাবলিকান লেফট অব কাতালোনিয়া ও পপুলার ইউনিটি মিলে ৭০টি আসনে জয়ী হয়েছে। এর মধ্যে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট কার্লোস পুজদেমনের দল টুগেদার ফর কাতালোনিয়া অন্য দুটি দলের চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে।
স্পেনের বিত্তশালী অঞ্চল কাতালোনিয়ায় প্রায় ৭৫ লাখ মানুষের বসবাস। এর রাজধানী বার্সেলোনা। অঞ্চলটির নিজস্ব ভাষা রয়েছে। স্পেনের সংবিধান অনুযায়ী, সম্পদশালী কাতালোনিয়ার স্বায়ত্তশাসন আছে। তবে সেখানকার জনগণ স্পেনের কাছ থেকে স্বাধীনতা চায়। ২০১৫ সালের সেপ্টেম্বরে কাতালোনিয়া প্রাদেশিক পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় সেখানকার স্বাধীনতাকামীরা। নির্বাচনের ওই ফলের মধ্য দিয়ে স্পেন থেকে পৃথক হয়ে নতুন রাষ্ট্র গঠনের পথে এক ধাপ এগিয়ে যায় কাতালানরা।
স্পেনের কাছ থেকে স্বাধীনতার জন্য এই বছরের ১ অক্টোবর গণভোট আয়োজন করে কাতালোনিয়া। গণভোটে ৯০ শতাংশ মানুষ কাতালোনিয়ার স্বাধীনতার পে রায় দেয়। তবে কাতালোনিয়ার পার্লামেন্টে স্পেন থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে প্রস্তাব পাস হওয়ার পর মাদ্রিদভিত্তিক কেন্দ্রীয় সরকার কাতালান নেতা পুয়েজমনকে বহিষ্কার করে। একই সাথে কাতালোনিয়ার পার্লামেন্ট ভেঙে দিয়ে ও স্বায়ত্তশাসন বাতিল করে কেন্দ্রীয় শাসন জারি করে।
এরপরই বেলজিয়ামে চলে যান পুয়েজমন। নভেম্বরে স্পেন পুয়েজমনের নামে ইউরোপীয় গ্রেফতারি পরোয়ানা জারি করলে আত্মসমর্পণ করেন তিনি। এরপর ১৫ দিনে একবার আদালতে হাজিরা দেয়ার শর্তে মুক্তি দেয়া হয় তাকে। বেলজিয়াম ত্যাগে নিষেধাজ্ঞাও জারি করে দেশটির আদালত। তবে স্পেনে তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা এখনো বহাল আছে। দেশে ফিরলে গ্রেফতার করা হবে তাকে।















