আন্তর্জাতিক ডেস্ক: বিয়েটা গোপনে সারলেও রিসেপশনে কোনও ঘাটতি রাখেননি বিরুশকা। বলছিলাম ক্রিকেট তারকা বিরাট কোহলি ও বলিউড সুন্দরী অনুশকা শর্মার কথা। বৃহস্পতিবার তাদের প্রথম রিসেপশন হয় দিল্লিতে। চাণক্যপুরীর তাজ হোটেলের দরবার হলের ওই অনুষ্ঠানে তাদের আশীর্বাদ করতে এসেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি-সব রাজনীতি ও ক্রীড়া জগতের রথী মহারথীরা।
দিল্লি রিসিপশনের একদিন আগে বুধবার তারা প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করেন। তারা প্রধানমন্ত্রীর হাতে রিসেপশন পার্টির নিমন্ত্রণপত্র তুলে দেন। প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন আসবেন। কথা রেখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিরুশকাকে নিরাশ করেননি।
এদিকে সংসদে তুমুল ব্যস্ততা, মাত্রই গুজরাট নির্বাচন শেষ হয়েছে। সামনে মধ্যপ্রদেশ ও কংগ্রেস ভোট। এদিকে শুক্রবারই লোকসভায় পেশ হতে চলেছে তিন তালাক বিল। চীনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকও আছে ভারতের। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর ব্যস্ততা ছিলো তুঙ্গে। এত ব্যস্ততার মধ্যেও বিরুশকার প্রীতিভোজে হাজির হলেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, নবদম্পতির সঙ্গে হাসিমুখে ছবিও তোলেন। যে আন্তরিকতায় তিনি তাদের সঙ্গে ফ্রেম শেয়ার করেছেন চিরকাল সেটি তুলে রাখবেন বিরুশকা।
তাদের অনুষ্ঠানের সব থেকে বড় চমক ছিলো প্রধানমন্ত্রীর হাজির হওয়া। আমন্ত্রিতের তালিকায় কপিল দেব, বীরেন্দ্র সহবাগ, যুবরাজ সিংহ, সুরেশ রায়না ও আশিস নেহরার মত তারকা ক্রিকেটাররাও ছিলেন। এ ছাড়া অর্থমন্ত্রী অরুণ জেটলি, অ্যাক্টিং বিসিসিআই প্রেসিডেন্ট সি কে খন্না, আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্ল ও আরও অনেক কূটনীতিকরাও এতে অংশ নিয়েছেন।
সূত্র: এনডিটিভি















