তরুণীদের অন্ধকার জগতে টানছে টিকটক,যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার সংস্থার যৌথ তদন্তে ফাঁস

32

সাইফ হাসান: জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বিরুদ্ধে তরুণী ও কিশোরীদের যৌ*ন পেশায় উৎসাহিত করার মারাত্মক অভিযোগ উঠেছে। যুক্তরাজ্যের সিস এবং অস্ট্রেলিয়ার কালেক্টিভ শাউট নামের দুটি সংস্থার যৌথ গবেষণায় এই উদ্বেগমূলক তথ্য উঠে এসেছে। সেখানে দেখা গেছে, অনলিফ্যানসের জনপ্রিয় তারকারা সাধারণ লাইফস্টাইল ভিডিওর আড়ালে গোপনে প*র্ন কনটেন্টের প্রচার চালাচ্ছেন। দামি গাড়ি, বাড়ি ও বিলাসবহুল জীবনের লোভ দেখিয়ে অল্পবয়সী মেয়েদের এই অন্ধকার জগতে আকৃষ্ট করা হচ্ছে। তবে প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ দাবি করেছে যে তারা সব ধরনের নি*ষিদ্ধ কনটেন্ট নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিচ্ছে।

গবেষকদের মতে, অনলিফ্যানসের তরুণ তারকারা টিকটকে নিজেদের রান্নাবান্না, সাজগোজ কিংবা রূপচর্চার মতো স্বাভাবিক ভিডিও প্রকাশ করেন। এসব ভিডিওর মাধ্যমেই তারা চতুরতার সঙ্গে প্রাপ্তবয়স্ক কনটেন্টের নানা সংকেত ও ইমোজি ব্যবহার করে দর্শকদের অন্য সাইটে টেনে নিচ্ছেন। সরাসরি অনলিফ্যানসের লিংক দেওয়া নিষিদ্ধ হলেও পর্ন শব্দের বদলে নানা বিকল্প কোড ব্যবহার করে তারা অ্যালগরিদমের নজর এড়িয়ে যাচ্ছেন।

প্রতিবেদনে বলা হয়, এই প্ল্যাটফর্মে দারিদ্র্য দূর করা এবং রাতারাতি ধনী হওয়ার মাধ্যম হিসেবে প্রাপ্তবয়স্ক কনটেন্ট তৈরিকে উপস্থাপন করা হচ্ছে। তবে বাস্তব চিত্র বেশ ভিন্ন; ২০১৬ সালে চালুর পর থেকে অনলিফ্যানসের শীর্ষ ৫ হাজার নির্মাতা গড়ে ১০ লাখ ডলারের বেশি আয় করলেও সাইটটির প্রায় ৫০ লাখ সাধারণ নির্মাতার বার্ষিক আয় মাত্র ১ হাজার ডলারের কাছাকাছি।

অস্ট্রেলিয়ার কালেক্টিভ শাউটের প্রতিনিধি মেলিন্ডা ট্যাঙ্কার্ড রিস্ট ক্ষোভ প্রকাশ করে জানান, টিকটক কার্যত একটি বিশাল ডিজিটাল দালাল হিসেবে তরুণীদের অনৈতিক জগতে ঠেলে দিচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, সোফি রেইন কিংবা আরি কিৎসিয়ার মতো জনপ্রিয় ব্যক্তিরা মিয়ামির বিলাসবহুল বাড়ি ‘বপ হাউস’ থেকে ভিডিও বানিয়ে কিশোরীদের এমন ঝুঁকিপূর্ণ কাজে প্রলুব্ধ করছেন।

এমনকি বিশ্বখ্যাত প্রসাধনী ব্র্যান্ড লরিয়াল তাদের আরবান ডিকে পণ্যের বিজ্ঞাপনে আরি কিৎসিয়াকে শুভেচ্ছাদূত করেছে, যা টিকটকে লাখ লাখ বার দেখা হয়েছে। এ ধরনের উদ্বেগজনক পরিস্থিতির কারণে বিভিন্ন দেশের গবেষকরা ১৮ বছরের কম বয়সীদের কাছে যৌন ব্যবসার প্রচার পুরোপুরি নিষিদ্ধের জোর দাবি জানিয়েছেন।

যদিও অভিযোগ অস্বীকার করে টিকটক কর্তৃপক্ষ জানিয়েছে, তারা যেকোনো যৌন বা আপত্তিকর কনটেন্ট ঠেকাতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে থাকে। অন্যদিকে অনলিফ্যানসের এক মুখপাত্র জানিয়েছেন, তাদের প্ল্যাটফর্মটি কেবল প্রাপ্তবয়স্কদের জন্য এবং অপ্রাপ্তবয়স্কদের প্রবেশ ঠেকাতে তাদের কঠোর যাচাই প্রক্রিয়া রয়েছে।

#টিকটক #অনলিফ্যানস #সোশ্যালমিডিয়া #aknews #onebanglanews