ওয়ানবাংলানিউজ: শিশু কিশোর বা তরুণ বয়সী কারোর মধ্যে আত্মহত্যা করার প্রবণতা বা ঝুঁকি কিভাবে চিহ্নিত করা যায় এবং এমন পরিস্থিতিতে কী ধরনের পদক্ষেপ নিতে হবে, সে সম্পর্কে জনসাধারণকে প্রশিক্ষণ দিতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল কর্মশালা আয়োজনের উদ্যোগ নিয়েছে।
‘এসেসিং ফর সুইসাইড ইন কিডস’ বা সংক্ষেপে ‘আসক’ হচ্ছে দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে একমাত্র শিশু আত্মহত্যা নিবারণ বা প্রতিরোধক ট্রেনিং কর্মশালা, যা অক্টোবর থেকে শুরু হচ্ছে। টাওয়ার হ্যামলেটস বরায় ৫ থেকে ১৫ বছর বয়সীদের সাথে যারা কাজ করেন, তাদের জন্য এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
এক পরিসংখ্যানে দেখা গেছে, টাওয়ার হ্যামলেটস বরায় প্রতি ১০ জন শিশুর মধ্যে একজনের মানসিক স্বাস্থ্যগত ব্যাধি রয়েছে এবং এদের মধ্যে কোন কোন বাচ্চার বয়স ৫ বছর।
গত ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে এই আত্মহত্যা প্রতিরোধক কর্মশালা আয়োজনের ঘোষনা দেয়া হয়।
এ প্রসঙ্গে টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস বলেন, প্রতিটি আত্মহত্যার ঘটনার প্রভাব ব্যাপক ও গভির এবং ব্যক্তি অথবা পরিবারের জন্য, বন্ধুবান্ধব ও ব্যাপক অর্থে গোটা সমাজের জন্যই এটি অত্যন্ত শোকের। শিশুদের দুর্বল মানসিক স্বাস্থ্য ও আত্মহনন প্রবণতা বেড়ে যাওয়াটা হৃদয়বিদারক। এজন্যই আমাদের বারার শিশু কিশোর ও তরুণদের সাথে যারা কাজ করছেন, তাদেরকে প্রশিক্ষণ দেয়ার উদ্যোগ আমরা নিয়েছি, যাতে করে তারা কমবয়সিদের মধ্যে সতর্ক হওয়ার মতো নমুনা চিহ্নিত করতে পারেন, এবং আত্মহত্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে সক্ষম হন।
এছাড়া মানসিক স্বাস্থ্য বিষয়ক চ্যারিটি সংস্থান `মাইন্ড ইন টাওয়ার হ্যামলেটস এন্ড নিউহ্যামের’ সাথে পার্টনারশীপের ভিত্তিতে ‘কানেক্টিং কমিউনিটিজ’ নামে একটি নতুন সার্ভিসে কাউন্সিল অর্থায়ন করছে। এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে, মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত লোকজনকে সাপোর্ট সার্ভিসের সাথে সম্পৃক্ত করা।
কেবিনেট মেম্বার ফর এডাল্টস, হেলথ এন্ড ওয়েলবিয়িং, কাউন্সিলর আমিনা আলী বলেন, মানসিক স্বাস্থ্য সমস্যা যে কারো হতে পারে। আমাদের জীবনের প্রতিটি স্তরে মানসিক সুস্থিরতা হচ্ছে ভালো থাকার মূল মন্ত্র এবং মানসিক স্বাস্থ্যকে ভালো রাখার বিষয়টি আমাদের কাছে সবচেয়ে অগ্রাধিকার হওয়া উচিত।
তিনি বলেন, স্বাস্থ্য, ব্যবসা ও কমিউনিটি অংশিদারদের সাথে সম্মিলিতভাবে কাজ করার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের বিশেষজ্ঞ সেবা ও সহজেই পাওয়া যায় এমন সহায়তামূলক সার্ভিস প্রদান করছি।
কাউন্সিলের পাশাপাশি ইস্ট লন্ডন ফাউন্ডেশন ট্রাস্ট সম্পূর্ণ বিনামূল্যে ২৪ ঘন্টাব্যাপি ক্রাইসিস লাইন কার্যকর রেখেছে, যেখানে ফোন করে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত যেকোন সংকটে সহযোগিতা পাওয়া যায়।
এদিকে বিশ্ব স্বাস্থ্য দিবস পালনে কাউন্সিল বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেছে।
১০ অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশী মেন্টাল হেলথ ফোরাম সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানে মানসিক স্বাস্থ্য সম্পর্কে অভিজ্ঞরা পরামর্শ দেন এবং অনুষ্ঠানে যোগদানকারীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
কমিউনিটি এডুকেশন প্রোভাইডার নেটওয়ার্ক (সিইপিএন) এর সাথে পার্টনারশীপের ভিত্তিতে কাউন্সিল তার ও অন্যান্য স্ট্যাটুটরি কর্তৃপক্ষ ও ভলান্টারি সংগঠনের কর্মীদের জন্য মেন্টাল হেলথ ফার্স্ট এইড ট্রেনিংয়ের আয়োজন করে আসছে। গত ২০১৭ সাল থেকে এ পর্যন্ত টাওয়ার হ্যামলেটসে ১,১০০ জন আত“হত্যা প্রতিরোধে সিইপিএন ট্রেনিং গ্রহণ করেছেন।















