ইংল্যান্ডের ৫০০ জিপি সার্জারির অনলাইন সেবা বন্ধ

17

ওয়ানবাংলানিউজ ডেস্ক: যুক্তরাজ্যে একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় ইংল্যান্ডের প্রায় ৫০০টি জিপি সার্জারির অনলাইন সেবা বিঘ্নিত হয়েছে। ফলে অনেক রোগী ওয়েবসাইটের মাধ্যমে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, অনলাইন পরামর্শ গ্রহণ এবং প্রয়োজনীয় তথ্য পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়েছেন।

সিলিকন প্র্যাকটিস (Silicon Practice) নামের প্রতিষ্ঠানটি ইংল্যান্ডের প্রায় ৫০০টি জিপি সার্জারির ওয়েবসাইট ও ডিজিটাল সেবা পরিচালনা করত। দেশটির মোট জিপি সার্জারির প্রায় ১০ শতাংশের এসব সেবার ওপর নির্ভরতা ছিল।

লন্ডন, গ্লস্টারশায়ার ও নরফোকসহ ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় এই সমস্যার খবর পাওয়া গেছে। ওয়েলসের কিছু সেবাও এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফোন করে নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট

ক্ষতিগ্রস্ত এলাকার রোগীদের আপাতত ফোন করে জিপি সার্জারির সঙ্গে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে NHS অ্যাপ সচল রয়েছে।

এনএইচএস ইংল্যান্ড জানিয়েছে, অধিকাংশ জিপি সার্জারির ওয়েবসাইট স্বাভাবিকভাবে কাজ করছে। তবে সিলিকন প্র্যাকটিসের প্রযুক্তি ব্যবহার করা কিছু সার্জারির সেবা ব্যাহত হয়েছে।

সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, জিপি সার্জারির ওয়েবসাইট কাজ না করলে রোগীরা ফোনে অথবা সরাসরি সার্জারিতে গিয়ে যোগাযোগ করতে পারবেন।

রোগীদের ভোগান্তি বাড়ার আশঙ্কা

গত বছর থেকে ইংল্যান্ডের সব জিপি সার্জারির জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের ব্যবস্থা রাখা বাধ্যতামূলক করা হয়েছে। বর্তমানে ৪০ শতাংশের বেশি অ্যাপয়েন্টমেন্ট অনলাইনে নেওয়া হয়।

রয়্যাল কলেজ অব জিপির প্রেসিডেন্ট অধ্যাপক ভিক্টোরিয়া জোর্টজিউ ব্রাউন বলেছেন, রোগীদের চিকিৎসাসেবা পাওয়া, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এবং প্রয়োজনীয় তথ্য জানার ক্ষেত্রে জিপি সার্জারির ওয়েবসাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ওয়েবসাইট কাজ না করলে রোগীদের ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়। পাশাপাশি আগে থেকেই অতিরিক্ত কাজের চাপে থাকা সার্জারির কর্মীদের ওপরও চাপ বাড়ে।

ক্ষতিগ্রস্ত সার্জারিগুলোকে সেবা চালু রাখা এবং রোগীদের অসুবিধা কমানোর বিষয়ে পরামর্শ দিয়েছে এনএইচএস ইংল্যান্ড। দ্রুত ওয়েবসাইটগুলো সচল করা এবং এই সময়ে রোগীরা কীভাবে চিকিৎসাসেবা পাবেন, তা স্পষ্টভাবে জানানো জরুরি বলে জানিয়েছেন জিপি নেতারা।