দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ, তথ্য দিলে ১০ হাজার পাউন্ড পুরস্কার

68

সাইফ হাসান: পূর্ব লন্ডনের একটি পার্কে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধ*র্ষণের ঘটনায় দুই বাংলাদেশি নাগরিকের সন্ধানে নেমেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। শওকত আহমেদ ও জাহিদুল হাসান জায়গীরদার নামের ওই দুই অভিযুক্তের মধ্যে একজন যুক্তরাজ্য ছেড়ে বাংলাদেশে পা*লিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। ২০২৪ সালের আগস্টে বেথনাল গ্রিনের উইভার্স ফিল্ডসে ঘটে যাওয়া এই ভয়া*বহ ঘটনার পর দীর্ঘ তদন্ত শেষে তাদের নাম প্রকাশ করেছে গোয়েন্দারা। অভিযুক্তদের গ্রে*প্তার নিশ্চিত করতে তথ্য দিলে ১০ হাজার পাউন্ড পুরস্কারের ঘোষণা দিয়েছে দাতব্য সংস্থা ক্রাইমস্টপার্স। এই ঘটনার পর থেকে ভুক্তভোগী কিশোরী ও তার পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।

তদন্তকারী কর্মকর্তাদের বরাতে জানা যায়, ২০২৪ সালের ১ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল রোডে দুই ব্যক্তির সঙ্গে কিশোরীটির দেখা হয়। সেখান থেকে ফুসলিয়ে তাকে পাশের বেথনাল গ্রিনের উইভার্স ফিল্ডস পার্কের ভেতরে নিয়ে ধর্ষণ করা হয়। পরবর্তীতে স্থানীয় এক পথচারী গুরুতর অবস্থায় কিশোরীটিকে উদ্ধার করে সহায়তা করেন।

দীর্ঘ তদন্তের পর গোয়েন্দারা ৩১ বছর বয়সী শওকত আহমেদ এবং ৩৪ বছর বয়সী জাহিদুল হাসান জায়গীরদারকে অভিযুক্ত হিসেবে শনাক্ত করেছেন। উভয়েরই পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে যোগাযোগ রয়েছে, তবে জাহিদুল ইতিমধ্যে দেশ ছেড়ে বাংলাদেশে পালিয়ে গেছেন বলে ধারণা করছে পুলিশ। মামলার প্রধান তদন্ত কর্মকর্তা আনা ডেইটন জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য পর্যালোচনার পর এই দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

মেট পুলিশের মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ভুক্তভোগী কিশোরীর বাবা-মা তাদের চরম দুর্দশার কথা তুলে ধরেন। তারা জানান, এই ঘটনার পর তাদের সন্তান সবসময় এক অজানা আতঙ্কে থাকে এবং একা কোথাও যেতে ভয় পায়। যে বয়সে কিশোরীর পড়াশোনা ও বন্ধুদের সঙ্গে স্বাভাবিক সময় কাটানোর কথা ছিল, সেখানে এক নির্মম ঘটনায় পুরো পরিবারের জীবনই তছনছ হয়ে গেছে।

দাতব্য সংস্থা ক্রাইমস্টপার্সের লন্ডন অঞ্চলের ব্যবস্থাপক অ্যালেক্সা লৌকাস জানান, অভিযুক্তদের অবস্থান সম্পর্কে কেউ তথ্য দিলে তার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। তথ্য দিয়ে গ্রেপ্তারে সহায়তা করতে পারলে ১০ হাজার পাউন্ড পর্যন্ত পুরস্কার পাওয়ার সুযোগ রয়েছে। এই বিষয়ে কোনো তথ্য থাকলে স্থানীয় পুলিশকে ১০১ নম্বরে অথবা ক্রাইমস্টপার্সের হটলাইনে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

#যুক্তরাজ্যসংবাদ #লন্ডনসংবাদ #প্রবাসীবাংলাদেশি #aknews #onebanglanews