যুক্তরাজ্যে ঝড় ‘বোয়েলো’র তাণ্ডবে ৮২,০০০-এর বেশি বাড়ি বিদ্যুৎহীন

34

সাইফ হাসান: যুক্তরাজ্যে মৌসুমের দ্বিতীয় শক্তিশালী ঝড় ‘বোয়েলোর’ তাণ্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড ও উত্তর ইংল্যান্ডে বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৮৪ মাইলে পৌঁছানোয় ব্যাপক ক্ষ*তির মুখে পড়েছে বিস্তীর্ণ এলাকা। ঝড়ের আ*ঘাতে ৮২ হাজারের বেশি ঘরবাড়ি পুরোপুরি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। লাইন প্লাবিত হওয়া এবং গাছ ভেঙে পড়ায় ট্রেন চলাচল বন্ধের পাশাপাশি একাধিক বিমানবন্দরে ফ্লাইট বাতিল করা হয়েছে। যেকোনো ধরনের বি*পদ এড়াতে স্থানীয় বাসিন্দাদের ঘরের বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

এনার্জি নেটওয়ার্কস অ্যাসোসিয়েশন (ইএনএ) রোববার সকালে জানায়, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও প্রকৌশলীরা ৩ লাখ ৪৪ হাজার ৯০০ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দিতে সক্ষম হয়েছেন। তবে এখনও স্কটল্যান্ডের ৩০ হাজার বাড়িসহ যুক্তরাজ্যজুড়ে অন্তত ৮২ হাজার ৬০০ গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, খারাপ আবহাওয়া ও দুর্গম পরিস্থিতির কারণে কাজ বাধাগ্রস্ত হলেও প্রকৌশলীরা দিনরাত এক করে সংযোগ স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আবহাওয়া দফতর মেট অফিস জানায়, শনিবার রাত ৯টা থেকে স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড ও উত্তর ইংল্যান্ডজুড়ে দ্বিতীয় সর্বোচ্চ অ্যাম্বার সতর্কতা কার্যকর হয়। সেখানে টাইরি দ্বীপে বাতাসের গতি ছিল ঘণ্টায় ৮২ মাইল এবং স্নোডোনিয়া ও আর্গিল অ্যান্ড বিউটে বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৮৪ মাইল পর্যন্ত রেকর্ড করা হয়। মেট অফিসের প্রধান আবহাওয়াবিদ জেসন কেলি সবাইকে সতর্ক করে জানান, এই ঝড়ে উপকূলীয় এলাকায় আঘাত সবচেয়ে তীব্র হবে এবং উড়ে আসা ধ্বংসাবশেষের কারণে মানুষের জীবন ঝুঁকিতে পড়তে পারে।

ঝড়ের প্রভাবে যুক্তরাজ্যজুড়ে সড়ক, রেল ও আকাশপথে ভয়াবহ বিশৃঙ্খলা তৈরি হয়েছে। ভারী বৃষ্টিতে গ্লাসগোর রেলস্টেশন প্লাবিত হয়েছে এবং ট্র্যাকের ওপর গাছ ভেঙে পড়ায় স্কটল্যান্ডের একাধিক লাইনে ট্রেন চলাচল স্থগিত রাখা হয়। এছাড়া ডাবলিন, হিথ্রো, ম্যানচেস্টার, এডিনবরা ও গ্লাসগো বিমানবন্দরে বহু ফ্লাইট বাতিল ও বিলম্বিত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।

বৈরী আবহাওয়ার কারণে নিরাপত্তার স্বার্থে লন্ডনের ট্রাফালগার স্কয়ারের দেওয়ালি উৎসব এবং লিভারপুলের ‘রিভার অব লাইট’ আয়োজন বাতিল করা হয়েছে। পর্যটকদের সুরক্ষায় ঐতিহাসিক এডিনবরা দুর্গ এবং উত্তর ইয়র্কশায়ারের ফাউন্টেনস অ্যাবে এস্টেট দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এদিকে পরিবেশ অধিদপ্তর ইংল্যান্ডের বিভিন্ন অংশে বন্যা সতর্কতা জারি করেছে এবং রাস্তাঘাটে উপড়ে পড়া গাছের কারণে চালকদের সর্বোচ্চ সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছে কামব্রিয়া পুলিশ।

#যুক্তরাজ্য #ঝড়_বোয়েলো #আবহাওয়া_বার্তা #aknews #onebanglanews