মানসিক প্রতিবন্ধী ভাইকে হ*ত্যা করলেন আপন সৎ ভাই

74

সাইফ হাসান: যুক্তরাজ্যে নিজের সৎ ভাইয়ের চরম অবহেলা ও পাশবিক নির্যাতনে রুবিন ব্লাউন্ট নামের ২৮ বছর বয়সী এক অসহায় যুবকের মৃ*ত্যুর ঘটনায় দোষী দম্পতিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বার্মিংহামের বাসিন্দা ৫৮ বছর বয়সী কেনেথ নিউটন ও তার ৬৪ বছর বয়সী সঙ্গী মেলানি জেমসকে অন্তত ২১ বছর করে কারাদণ্ড ভোগ করতে হবে। আদালতের পর্যবেক্ষণে বলা হয় দীর্ঘদিনের চরম নিষ্ঠুরতা ও চিকিৎসাবঞ্চিত করার কারণেই ওই যুবকের করুণ মৃ*ত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার সময় মানসিক প্রতিবন্ধী ওই যুবকের ওজন নেমে এসেছিল মাত্র ৪০ কেজিতে।

স্টাফোর্ডশায়ারের ট্যামওয়ার্থের একটি বাড়িতে রুবিন ব্লাউন্টকে আটকে রেখে দিনের পর দিন অমানবিক নির্যাতন চালানো হতো বলে স্টাফোর্ড ক্রাউন কোর্টের শুনানিতে উঠে আসে। তাকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে বাধ্য করা, নিজের মূত্রের ওপর ফেলে রাখা এবং এমনকি ডাস্টবিন থেকে খাবার খেতে বাধ্য করার মতো ঘটনাও ঘটেছে। অভিযুক্তরা নিজেরা তাকে ব্যঙ্গ-বিদ্রূপ ও গালাগাল করার মুহূর্তগুলো ভিডিওতে ধারণ করত, যা গত জুলাইয়ে আদালতে প্রামাণ্য হিসেবে উপস্থাপন করা হয়।

তীব্র পানিশূন্যতা ও অপুষ্টিতে ভোগা রুবিনকে যখন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়, তখন তার হার্ট অ্যাটাক হয় এবং ২০২২ সালের ৩০ নভেম্বর তিনি মারা যান। চিকিৎসকরা জানান, তার শরীরে তীব্র নিউমোনিয়া, পোড়া ও আঘাতের দাগ ছাড়াও মেরুদণ্ড এবং অন্তত ৫০টি পাঁজরের হাড় ভাঙা ছিল। এর মধ্যে ৪৭টি পাঁজরের আঘাত মৃত্যুর আগের কয়েক সপ্তাহে করা মারাত্মক শারীরিক নিগ্রহের কারণে হয়েছিল বলে প্রমাণিত হয়।

শুনানিতে রুবিনের মা জিনেট ব্লাউন্ট ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা ভেবেছিলেন অভিযুক্তরা রুবিনকে ভালোবাসে এবং ভালো যত্ন নেবে, কিন্তু তাদের সেই বিশ্বাসের চরম অমর্যাদা করা হয়েছে। বিচারক জাস্টিস জেফোর্ড রায়ে উল্লেখ করেন, অভিযুক্তরা দায়িত্বের অপব্যবহার করে চূড়ান্ত নির্মমতা দেখিয়েছে এবং ওই যুবক যখন যন্ত্রণায় কাতরাচ্ছিল তখন তাকে প্রয়োজনীয় সাহায্য দেওয়া হয়নি। স্টাফোর্ডশায়ার পুলিশের গোয়েন্দা কর্মকর্তা ইয়ান ফিটজেরাল্ড ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক ও অভিযুক্তদের আচরণকে চরম অহংকারী বলে অভিহিত করেছেন।

#aknews #onebanglanews #যুক্তরাজ্য #আদালত #কারাদণ্ড