এক সপ্তাহে ২৫ শিক্ষার্থীকে বহিষ্কার,যা বললেন প্রধান শিক্ষকে…

37

সাইফ হাসান: যুক্তরাজ্যের সমারসেটের ফ্রুম কলেজের নতুন প্রধান শিক্ষক প্রথম সপ্তাহেই ২৫ জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছেন। এই কড়া পদক্ষেপের পর অভিভাবকদের তোপের মুখে পড়ে নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরেছেন তিনি। ক্লাসে সামান্য হাসাহাসি করার মতো ছোট কারণেও শিক্ষার্থীদের বের করে দেওয়া হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ উঠেছে। তবে প্রতিষ্ঠানপ্রধান দাবি করেছেন, কোনো সাধারণ ভুলের কারণে কাউকে এমন শাস্তি দেওয়া হয়নি। শিক্ষার সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ফ্রুম কলেজের অন্তর্বর্তীকালীন প্রধান শিক্ষক ড্যান জেফরিস সম্প্রতি দায়িত্ব নিয়ে প্রথম সপ্তাহেই ২৫ শিক্ষার্থীকে বহিষ্কারের নির্দেশ দেন। এই সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন অনেক অভিভাবক। তাদের দাবি, সামান্য পোশাকবিধি অমান্য করা কিংবা ক্লাসে শুধু হাসার অপরাধেও শিক্ষার্থীদের ওপর বহিষ্কারের খড়্গ নেমে এসেছে।

অভিভাবকদের অসন্তোষের জবাবে ড্যান জেফরিস জানিয়েছেন, ইন্টারনেটে ছড়ানো বিভিন্ন গুজবের বিষয়ে তিনি অবগত আছেন। তিনি স্পষ্ট করে বলেন, সামান্য দেরি করে আসা কিংবা ইউনিফর্ম সংক্রান্ত তুচ্ছ বিষয়ে কাউকে বহিষ্কার করা হয় না। সামাজিক মাধ্যমে কথা না বাড়িয়ে সরাসরি স্কুলের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিয়ে গঠনমূলক আলোচনা করার জন্য তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

জেফরিস আরও জানান, তার মূল লক্ষ্য হলো প্রতিটি শিক্ষার্থীর জন্য নিরাপদ ও সহযোগিতাপূর্ণ পরিবেশ নিশ্চিত করা। তিনি উল্লেখ করেন, আনুষ্ঠানিক কোনো অভিযোগ না পেলেও নীতিমালার বিষয়টি পরিষ্কার করা দরকার ছিল। শিক্ষার্থীদের আচরণে শৃঙ্খলা ফেরানো, কঠোর পরিশ্রম শেখানো এবং ভবিষ্যৎ জীবনের উপযোগী করে গড়ে তুলতেই এই কঠোর কাঠামো তৈরি করা হয়েছে। প্রথম সপ্তাহে বেশিরভাগ পরিবার ও শিক্ষার্থী এই পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছে বলেও তিনি দাবি করেন।

এদিকে ব্রিটিশ শিক্ষা বিভাগের একজন মুখপাত্র জানিয়েছেন, প্রতিটি শিশুরই শান্ত ও নিরাপদ পরিবেশে পড়াশোনা করার অধিকার রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, কিছু প্রতিষ্ঠানে উচ্ছৃঙ্খল আচরণ এখনও সমস্যা হিসেবে থাকলেও মহামারি-পরবর্তী সময়ে দেশজুড়ে স্কুল থেকে সাময়িক ও স্থায়ী বহিষ্কারের হার উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

#aknews #onebanglanews #যুক্তরাজ্য #শিক্ষা #আন্তর্জাতিক