যুক্তরাজ্য থেকে বিতাড়িত ৫০ আশ্রয়প্রার্থী আবার ফেরত আসলেন!

69

 

সাইফ হাসান: যুক্তরাজ্যের বিতর্কিত একের বদলে এক নীতিতে ফ্রান্সে ফেরত পাঠানো প্রায় ৫০ জন আশ্রয়প্রার্থী আবারও অবৈধভাবে দেশটিতে ফিরে এসেছেন। হোম অফিসের মাধ্যমে তথ্যটি নিশ্চিত হওয়া গেছে এবং ধারণা করা হচ্ছে আরও অনেকেই গোপনে প্রবেশ করে থাকতে পারেন। ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া থামাতে যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে গত বছর সেপ্টেম্বরে এই চুক্তি সই হয়েছিল। তবে এই পুনপ্রবেশের ঘটনায় সরকারের এই ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

যুক্তরাজ্য সরকার ছোট নৌকায় করে আসা আশ্রয়প্রার্থীদের ফ্রান্সে ফেরত পাঠায় এবং তার বিনিময়ে সমসংখ্যক মানুষকে আইনগতভাবে দেশে আনার সুযোগ দেয়। তবে হোম অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন পর্যন্ত এক হাজারেরও বেশি মানুষকে ফেরত পাঠানো হলেও তাদের একটি অংশ আবারও ব্রিটেনে ঢুকে পড়েছেন।

বেশ কয়েকজন আশ্রয়প্রার্থী জানান, ফ্রান্সে ফেরত পাঠানোর পর তারা মানব পাচারকারীদের ভয়ভীতি এবং নিজস্ব দেশে ফেরত পাঠানোর ঝুঁকিতে ছিলেন। লরিতে করে দ্বিতীয়বার যুক্তরাজ্যে ঢোকা এক ব্যক্তি জানান, ফ্রান্সে নিরাপদ আশ্রয়ের কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে তিনি আবার ফিরে এসেছিলেন।

হিউম্যান রাইটস সংস্থাগুলোর দাবি, নিরাপদ এবং বৈধ পথ না থাকায় মানুষ জীবন ঝুঁকিতে ফেলে বারবার এই বিপজ্জনক পথ বেছে নিচ্ছেন। অন্যদিকে হোম অফিসের মুখপাত্র জানিয়েছেন, যারা দ্বিতীয়বার ঢুকছেন তাদের সময় ও অর্থ দুটোই নষ্ট হবে, কারণ তাদের পুনরায় ফ্রান্সে ফেরত পাঠানো হবে।

#যুক্তরাজ্য #শরণার্থী #রাজনীতি #আন্তর্জাতিক news