সংকট কাটাতে ব্যর্থ পানি সরবরাহ প্রতিষ্ঠানকে সমবায় সংস্থায় রূপান্তরের প্রস্তাব

48

সাইফ হাসান: আর্থিক সংকটে পড়া যুক্তরাজ্যভিত্তিক পানি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে না এনে অলাভজনক সমবায় সংস্থায় রূপান্তর করার আহ্বান জানিয়েছেন দেশটির সংসদ সদস্য ও মেয়ররা। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে এই সংক্রান্ত একটি বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে যেন সরকারের ঘাড়ে নতুন করে কোনো ঋণের বোঝা না চাপে। এই কাঠামোর মাধ্যমে জনগণকে ব্যবস্থাপনার মূল দায়িত্বে রেখে পানির বিল যৌক্তিক রাখা এবং নর্দমার বর্জ্য নদী ও জলাশয়ে ফেলা বন্ধ করার পরিকল্পনা করা হয়েছে। মূলত সাম্প্রতিক সময়ে বিতর্কিত প্রতিষ্ঠান থেমস ওয়াটারকে রক্ষা ও পুরো খাতের সংস্কারের অংশ হিসেবেই আইনপ্রণেতারা এ পদক্ষেপের তাগিদ দিচ্ছেন।

যুক্তরাজ্যের থেমস ওয়াটারসহ বেশ কিছু পানি সরবরাহকারী প্রতিষ্ঠান বর্তমানে মারাত্মক আর্থিক ঝুঁকিতে পড়েছে। এসব প্রতিষ্ঠানের অব্যবস্থাপনা, অতিরিক্ত বিল এবং নদীতে অনবরত বর্জ্য ফেলার কারণে জনগণের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে সরকারের ওপর পুরো খাতকে জাতীয়করণের চাপ বাড়লেও রাজকোষের ঋণের পরিমাণ বৃদ্ধির ভয়ে বিকল্প পথ খুঁজছে দেশটির অর্থ মন্ত্রণালয়।

এমপি এবং মেয়ররা মনে করেন, রাষ্ট্রীয়ভাবে অধিগ্রহণ করার বদলে ব্যর্থ প্রতিষ্ঠানগুলোকে সমবায় মডেলের আওতায় আনা বেশি কার্যকর হবে। গুড গ্রোথ ফাউন্ডেশনের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এ ব্যবস্থার ফলে কোনো অতিরিক্ত সরকারি ফান্ড খরচ না করেই সরাসরি সাধারণ গ্রাহক এবং স্থানীয় মানুষের হাতে কোম্পানির মূল নিয়ন্ত্রণ অর্পণ করা সম্ভব। সংসদ সদস্য হেলেনা ডলিমোরসহ বেশ কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব এই উদ্যোগ সমর্থন করেছেন।

প্রস্তাবনা অনুযায়ী প্রথমে থেমস ওয়াটারের ওপর এই নতুন মডেলের পরীক্ষা চালানো হতে পারে। কোনো কোম্পানি নিয়ম মেনে সেবা দিতে ব্যর্থ হলে বা চরম আর্থিক সংকটে পড়লে তাকে সাময়িকভাবে বিশেষ প্রশাসনিক নজরদারিতে আনা হবে এবং পরবর্তীতে আর কোনো ব্যক্তি বা বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রি না করে অলাভজনক সমবায়ে রূপান্তর করা হবে। পাশাপাশি কোম্পানির পরিচালনা পর্ষদের বেতন নিয়ন্ত্রণ এবং কার্যকারিতা প্রমাণিত না হওয়া পর্যন্ত লভ্যাংশ প্রদান স্থগিত করার কঠোর সুপারিশও করা হয়েছে।

ওয়েস্ট ইয়র্কশায়ারের মেয়র ট্রেসি ব্রাবিন মন্তব্য করেছেন যে, দীর্ঘদিন ধরে বাজে সেবার কারণে এলাকার বাসিন্দারা অতিরিক্ত মূল্য গুনে ভোগান্তির শিকার হচ্ছেন। অন্যদিকে ইয়র্কশায়ারের অপর প্রতিনিধি অলিভার কপার্ডের মতে, পানি একটি জরুরি সেবা যা বেসরকারি খাতে ছেড়ে দেওয়া উচিত হয়নি এবং এই নতুন প্রস্তাবনা গ্রাহকের পকেটের ওপর বাড়তি চাপ কমাবে।

#aknews #onebanglanews #uknews #watercooperative #thameswater